উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পটল দেখলেই কি নাক সিঁটকোন? পটল পছন্দ না হলেও এবার চেটেপুটে খেতে বাধ্য হবেন পরিবারের সবাই। রইল ঘিয়ের সুবাসে ভরপুর রসালো ‘মুগ-পটল’ রান্নার এক দুর্দান্ত ও সহজ রেসিপি। ভাত হোক কিংবা রুটি—সব দিয়েই এই পদ জমে ক্ষীর (Recipe)।
প্রয়োজনীয় উপকরণ:
মূল উপকরণ: ৫০০ গ্রাম পটল, ২টি মাঝারি আলু, আধ কাপ মুগ ডাল, ২টি ছোট টমেটো।
ফোড়ন ও মশলা: ১টি শুকনো লংকা, ২টি তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, আধ চামচ গোটা জিরে, দেড় ইঞ্চি গ্রেট করা আদা।
গুঁড়ো মশলা ও অন্যান্য: হলুদগুঁড়ো, লংকাগুঁড়ো, কাশ্মীরি লংকাগুঁড়ো, জিরেগুঁড়ো, গরমমশলার গুঁড়ো, ৪ চামচ সর্ষের তেল, ১ চামচ ঘি, দেড় চামচ চিনি এবং স্বাদমতো নুন।
প্রণালী:
প্রথমে পটল ও আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে জল ঝরিয়ে রাখুন। অন্যদিকে আধ কাপ মুগ ডাল ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এ বার কড়াইয়ে ২ চামচ তেল গরম করে নুন ও সামান্য হলুদ দিয়ে কেটে রাখা আলু ও পটল হালকা বাদামি করে ভেজে তুলে নিন।
একই কড়াইতে আরও ২ চামচ তেল দিয়ে শুকনো লংকা, তেজপাতা, এলাচ, দারচিনি ও গোটা জিরে ফোড়ন দিন। এরপর গ্রেট করা আদা ও টমেটোর টুকরো দিয়ে নরম করে নিন। একে একে সব গুঁড়ো মশলা দিয়ে ঢিমে আঁচে ভালো করে কষিয়ে নিন। মশলা কষা হলে জল ঝরানো মুগ ডাল দিয়ে ৪-৫ মিনিট ধরে কষাতে থাকুন, যাতে ডালের সুবাস বেরোয়।
এবার পরিমাণমতো গরম জল, নুন ও চিনি দিয়ে ঢিমে আঁচে ঢাকা দিয়ে ৬ মিনিট ফুটিয়ে নিন। ডাল কিছুটা সেদ্ধ হলে ভেজে রাখা আলু ও পটল মিশিয়ে দিন। খেয়াল রাখবেন ডাল যেন গলে না যায়, গোটা থাকে। সব উপকরণ সেদ্ধ হয়ে মাখা মাখা হলে উপর থেকে গরমমশলা ও ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন। ব্যস, তৈরি সুস্বাদু ঘিয়ের সুবাসে ভরা মুগ-পটল। এবার গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।

