উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ক্যানসার কখন শরীরে বাসা বাঁধে, তা আগে থেকে বোঝা মুশকিল। তবে চিকিৎসকদের মতে, দৈনন্দিন জীবনের কিছু ক্ষতিকর অভ্যাস বদল করলেই ক্যানসারের মতো মারাত্মক রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব (Most cancers Threat)। তাই রইল এমন ৫টি অভ্যাসের হদিস, যা এখনই বদলানো জরুরি।
খাবার খাওয়ার নিয়মে বদল: ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ১২ থেকে ১৬ ঘণ্টা পেট ফাঁকা রাখার পরামর্শ দিচ্ছেন গবেষকেরা। রাত ৮টার মধ্যে রাতের খাবার সেরে পরের দিন সকালে প্রাতরাশ করলে শরীরে ‘অটো-ক্লিনিং’ প্রক্রিয়া সক্রিয় হয়। এটি শরীর থেকে টক্সিন ও ক্যানসারের উপাদান ধ্বংস করে।
প্লাস্টিক ও নন-স্টিক বাসনের ব্যবহার কমানো: প্লাস্টিক বা নন-স্টিক বাসনে বিসফেনল-এ এবং পিএফএএস-এর মতো ক্ষতিকর রাসায়নিক থাকে, যা হরমোনের ভারসাম্য বিগড়ে দেয়। এর বদলে লোহা বা স্টেনলেস স্টিলের বাসন ব্যবহার করলে স্তন, জরায়ু ও থাইরয়েড ক্যানসারের ঝুঁকি কমে।
নির্দিষ্ট সময়ে ঘুম ও অন্ধকার ঘর: রাত ১১টা থেকে ৩টার মধ্যে শরীরের ডিএনএ মেরামতির কাজ চলে। তাই রাত ১১টার মধ্যে ঘুমাতে যাওয়ার অভ্যাস করুন। শোওয়ার ঘর সম্পূর্ণ অন্ধকার রাখুন, কারণ সামান্য নীল আলো বা গ্যাজেটের আলো মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমিয়ে দেয়, যা টিউমারের বৃদ্ধি আটকাতে সাহায্য করে।
ধূমপান ও পরোক্ষ ধূমপান কমানো: সিগারেট বা তামাকের ধোঁয়ায় ৭০টির বেশি ক্যানসার সৃষ্টিকারী উপাদান বা কার্সিনোজেন থাকে। এটি কোষের ডিএনএ নষ্ট করে ক্যানসারের অনুকূল পরিবেশ তৈরি করে। তাই ধূমপান পুরোপুরি ছাড়তে না পারলে এর মাত্রা কমিয়ে আনা অত্যন্ত জরুরি।
অ্যালকোহলের মাত্রা কমানো: অ্যালকোহল বিপাকের মাধ্যমে ‘অ্যাসিটালডিহাইড’-এ পরিণত হয়ে ডিএনএর মারাত্মক ক্ষতি করে এবং শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বাড়ায়। অ্যালকোহল সেবন সীমিত করলে লিভার, মুখ, গলা, কোলন এবং স্তন ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।

