Kumarganj | দুই বিঘা জমিতেই ফলেছে স্বপ্ন! নিট-এ বাজিমাত করে তাক লাগাল কুমারগঞ্জের কৃষকপুত্র

Kumarganj | দুই বিঘা জমিতেই ফলেছে স্বপ্ন! নিট-এ বাজিমাত করে তাক লাগাল কুমারগঞ্জের কৃষকপুত্র

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


কুমারগঞ্জ: দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) কুমারগঞ্জ (Kumarganj) ব্লকের জাখিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এক গ্রাম উচইট। এই গ্রামেরই সামান্য প্রান্তিক কৃষক পরিবারের ছেলে মেহেদী হাসান মন্ডল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET)-এ অসাধারণ সাফল্য অর্জন করে গোটা এলাকাকে গর্বিত করেছে। সে ৬৪৬ নম্বর পেয়ে সর্বভারতীয় মেধাতালিকায় ১৭২৫ তম এবং ওবিসি বিভাগে ৫৭২ তম স্থান অর্জন করেছেন।

মেহেদীর বাবা ছানার উদ্দিন মন্ডল একজন সাধারণ কৃষক। মাত্র দুই বিঘা জমিতে চাষাবাদ করেই চার সন্তানের পড়াশোনা ও সংসারের খরচ সামলেছেন তিনি। মা রোস্তমা বিবি গৃহবধূ। বড় ভাই ইয়ানুর মন্ডল এমএসসি পাশ করে চাকরির চেষ্টা করছেন। এক বোনের বিয়ে হয়েছে হরিরামপুরে, অপর বোন বর্তমানে পড়াশোনা করছে।

ছেলের এই সাফল্যে আবেগাপ্লুত বাবা জানান, অনেক কষ্ট করেই চার ভাইবোনকে পড়াশোনা করিয়েছেন। সেই পরিশ্রম আজ সার্থক হয়েছে। মেহেদীর লক্ষ্য কল্যাণীর এইমসে ভর্তি হয়ে চিকিৎসক হওয়া এবং ভবিষ্যতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা।

পড়াশোনার ক্ষেত্রেও শুরু থেকেই মেধার পরিচয় দিয়েছেন মেহেদী। সে রাইখন-মঞ্জুরিচক হাইস্কুল থেকে ৯১ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক উত্তীর্ণ হয়। পরে মালদার মকদমপুরের একটি উচ্চ বিদ্যালয় থেকে ৯১ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে। এরপরই নিট পরীক্ষার প্রস্তুতি নিয়ে এই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে সে। বর্তমানে মেহেদী হরিরামপুরে দিদির বাড়িতে রয়েছে। সেখান থেকেই আগামীকাল নবান্নের উদ্দেশে রওনা দেবে সে। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর হাতে সংবর্ধনা তুলে দেবেন বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *