রায়গঞ্জ: দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা আর চিকিৎসার অভাবে হতাশা। সেই হতাশা থেকেই বিষপান করে আত্মঘাতী হলেন ৬০ বছরের এক বৃদ্ধা! রবিবার এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ (Raiganj) শহরের গোমর্ধা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দ্রৌপদী মণ্ডল। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। বয়সের কারণে শরীরেও নানা জটিলতা দেখা দিয়েছিল। কিন্তু সংসারে অভাব (Poverty) থাকায় নিয়মিত ডাক্তার দেখানো বা ওষুধ কেনা সম্ভব হচ্ছিল না।
পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে স্বাভাবিকভাবেই ঘুমাতে গিয়েছিলেন দ্রৌপদী দেবী। কিন্তু গভীর রাতে তিনি ঘরের মধ্যে বিষপান করেন। পরিবারের লোকজন টের পেয়ে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। রবিবার ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। রবিবার দুপুরে দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিন বিকেলে দেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ।।
ঘটনার দরুন রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা না হওয়ায় এবং প্রতিদিনের শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরেই তিনি এই পথ বেছে নিয়েছেন দ্রৌপদী দেবী।

