হিলি: বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে স্নানে গিয়ে তলিয়ে গেল নবম শ্রেণির ছাত্র। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হিলি (Hili) থানার বারোয়ারি তলা শ্মশান এলাকায়। বিএসএফের সাহায্যে ঘণ্টা তিনেকের চেষ্টায় ছাত্রটিকে উদ্ধার করে পুলিশ। এরপর তড়িঘড়ি ছাত্রটিকে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। সন্ধ্যা নাগাদ দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
হিলি থানার বাসুদেবপুর চেকপোস্ট এলাকার বাসিন্দা সোহম পোদ্দার (১৫)। তার বাবার নাম প্রসেনজিৎ পোদ্দার। বালুরঘাট কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল সোহম৷ রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে বারোয়ারি তলা শ্মশান সংলগ্ন যমুনা নদীর ঘাটে স্নান করতে যায় সে। সেখানে স্নান করতে গিয়ে তলিয়ে (Drowning) যায় সোহম। ঘটনাটির (Accident) খবর নিমেষেই এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিলি থানার পুলিশ। যমুনা নদীর জলে তল্লাশি চালাতে পুলিশি হস্তক্ষেপে ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ। তারপরেই তল্লাশি চালিয়ে ছাত্রটিকে উদ্ধার করা হয়৷ তড়িঘড়ি দেহটিকে হিলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ছাত্রটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনায় শোকের ছায়া নেমেছে হিলি এলাকায়৷
ঘটনা প্রসঙ্গে মৃত ছাত্রের প্রতিবেশি শুভঙ্কর দে বলেন, “বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। তারপরেই পুলিশ ও বিএসএফের বোট নিয়ে এসে তল্লাশি চালায়। তারপরেই দেহটি ভেসে ওঠে। পুলিশকে তদন্ত করে সত্য উদঘাটনের করতে অনুরোধ করব।” এই প্রসঙ্গে হিলি থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ দায়ের হলে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হবে।

