CM Suvendu Adhikari | নবান্নে নতুন জমানার সূর্যোদয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেওয়া হল ‘গার্ড অফ অনার’, রয়েছে একাধিক বৈঠক

CM Suvendu Adhikari | নবান্নে নতুন জমানার সূর্যোদয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেওয়া হল ‘গার্ড অফ অনার’, রয়েছে একাধিক বৈঠক

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শেষ হলো দীর্ঘ প্রতীক্ষা। সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার নবান্নে পা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বিধানসভা নির্বাচন ও শপথগ্রহণ পর্ব মিটে যাওয়ার পর আজ থেকেই পুরোদমে প্রশাসনিক কাজে ব্রতী হলেন তিনি। এদিন নবান্নে (Nabanna) প্রবেশের মুহূর্তেই তাঁকে রাজকীয় ‘গার্ড অফ অনার’ দিয়ে স্বাগত জানানো হয়।

এদিন সকালেই চিনার পার্কের বাসভবন থেকে যাত্রা শুরু করেন শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি যান রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) বাড়িতে। সেখানে স্থানীয়দের উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করে শমীক ভট্টাচার্যকে সঙ্গে নিয়েই পৌঁছান সল্টলেকের রাজ্য বিজেপি কার্যালয়ে। দলীয় দপ্তরে ফুল ও বরণডালার আয়োজনে উৎসবের মেজাজ ধরা পড়ে। সেখানে এক প্রস্থ সাংগঠনিক বৈঠক সেরে সোজা নবান্নের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।

বিজেপি কার্যালয়ে বৈঠকের পর শমীক ভট্টাচার্য এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “সরকার সরকারের নিয়মেই চলবে। দলের সংকল্পপত্র যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, তার জন্য সরকারের সঙ্গে সমন্বয় থাকবে। তবে মাথায় রাখতে হবে, এই সরকার কোনো নির্দিষ্ট দলের নয়, এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।”

মুখ্যমন্ত্রীর প্রথম দিনটি ছিল প্রশাসনিক তৎপরতায় ঠাসা। এদিন নবান্নে তিনটি প্রশাসনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। প্রথমে সচিবদের সঙ্গে, পরে জেলাশাসক এবং বিকেলে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার সহ রাজ্যের বিভিন্ন জোনের উচ্চপদস্থ আধিকারিকরা।

রবিবার থেকেই নবান্নের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছিলেন শীর্ষ পুলিশ কর্তারা। অজয় নন্দ ও অখিলেশ চতুর্বেদীর নেতৃত্বে নবান্ন চত্বর ও মুখ্যমন্ত্রীর সভাঘরের নিরাপত্তা নিশ্ছিদ্র করা হয়। সোনার বাংলা গড়ার যে স্বপ্ন শুভেন্দু অধিকারী দেখিয়েছেন, প্রথম দিনের এই প্রশাসনিক সক্রিয়তা সেই লক্ষ্যেই এক বড় পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *