Bangladesh Unrest | অগ্নিগর্ভ বাংলাদেশ: ঢাকায় বাসে আগুন, গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাঙ্কিং, ধৃত ৩৩৮ আওয়ামী লীগ কর্মী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শীতের শুরুতেই ফের অশান্তির আগুনে জ্বলছে পদ্মাপারের দেশ (Bangladesh Unrest)। বৃহস্পতিবার রাতের অন্ধকারে রাজধানী ঢাকার রাজপথে ফের দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। প্রথম ঘটনাটি ঘটে পল্লবী এলাকায়, যেখানে মধ্যরাতে একটি ফাঁকা চলন্ত বাসে অগ্নিসংযোগ করা হয়। অন্য ঘটনাটি ঘটেছে বাড্ডা এলাকায়; সেখানে একটি বাসের পিছনের অংশে আগুন লাগিয়ে দেওয়া হলে চালকের তৎপরতায় যাত্রীদের দ্রুত নামিয়ে আনা সম্ভব হয়। কেবল ঢাকাই নয়, কুষ্টিয়াতেও বোমাবাজির খবর মিলেছে। পাশাপাশি চট্টগ্রাম-সহ দেশের মোট ছ’টি জায়গায় পুলিশের কিয়স্কে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা ও গোপালগঞ্জ-সহ সাতটি জেলায় পুলিশের সঙ্গেই ১০৯ প্ল্যাটুন বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, অশান্তির আঁচ সবথেকে বেশি টের পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের (Awami League) দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায়। দিন কয়েক আগেই সেখানে থানায় এবং এক বিএনপি (BNP) নেতার বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি অস্ত্র হাতে মিছিল বেরোতে দেখা গিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন আগেই ওই অঞ্চলে রেল পরিষেবা স্থগিত করেছিল। এবার বৃহস্পতিবার থেকে গোপালগঞ্জের অধিকাংশ গ্রাহকের মোবাইল ব্যাঙ্কিং পরিষেবাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সরকারিভাবে এই পদক্ষেপের সুনির্দিষ্ট কারণ ঘোষণা করা না হলেও, বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে ব্যাঙ্কিং আধিকারিকরা জানিয়েছেন যে সরকারি নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে ঢাকার তুলনায় গোপালগঞ্জে ‘অস্বাভাবিক মাত্রায়’ আর্থিক লেনদেন লক্ষ্য করা গিয়েছে। গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে যে, গ্রেপ্তারি এড়াতে বিভিন্ন জেলা থেকে পালিয়ে আসা ব্যক্তিরা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন এবং মোবাইলের মাধ্যমে তাঁদের কাছে টাকা পাঠানো হচ্ছে। মূলত আওয়ামী লীগের নেতা-কর্মীদের আর্থিক লেনদেনে রাশ টানতেই এই কঠোর পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, নাশকতা রুখতে দেশজুড়ে সাঁড়াশি অভিযানে নেমেছে বাংলাদেশ পুলিশ। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে আওয়ামী লীগের অন্তত ৩৩৮ জন নেতা-কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কেবল ঢাকা থেকেই পাকড়াও করা হয়েছে ৫০ জনকে। ধৃতদের তালিকায় বেশ কিছু হাই-প্রোফাইল নামও রয়েছে। গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেসসচিব কেএম শাখাওয়াত মুন এবং মাদারিপুরের প্রাক্তন জেলাশাসক ইলিয়াস হোসেন। এছাড়াও দু’বছর আগে কলকাতার নিউটাউনে খুন হওয়া আওয়ামী লীগ সাংসদ আনোয়ারুল আজিমের কন্যা মুমতারিন ফিরদৌস ডরিনকেও পুলিশ গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *