Abhishek Banerjee PA | আপাতত গ্রেপ্তার নয়, সুমিত রায়ের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রাখল শীর্ষ আদালত

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে স্বস্তি দিয়ে তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, আপাতত তাঁকে গ্রেপ্তার করা যাবে না। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হতে পারে।

এর আগে জমি দুর্নীতি মামলায় সুমিত রায় বেপাত্তা থাকায় পুলিশ তাঁকে খুঁজছিল এবং তাঁর খোঁজে তদন্তকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও হানা দিয়েছিলেন। এরপর কলকাতা হাইকোর্টে সুমিত আগাম জামিনের আবেদন জানালেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তা খারিজ করে দেয়। হাইকোর্ট চাকরি দুর্নীতির অন্য একটি মামলায় তাঁকে রক্ষাকবচ দিলেও জমি দুর্নীতি মামলায় স্বস্তি মেলেনি। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শীর্ষ আদালত তাঁকে রক্ষাকবচ দিয়েছিল।

শীর্ষ আদালতের পূর্বের নির্দেশ অনুযায়ী, সকাল দশটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত তদন্তকারী সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই নির্দেশ মেনে তিনি ভবানী ভবনে হাজিরা দেন এবং শনিবার থেকে সিআইডি তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করে চলেছে। শুক্রবার সুপ্রিম কোর্টে সুমিতের আইনজীবী জানান, তাঁর মক্কেল তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন। এরপরই শীর্ষ আদালত অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রাখার কথা ঘোষণা করে।

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ভুয়ো নথির মাধ্যমে সরকারি জমি দখল ও বিক্রির অভিযোগ রয়েছে সুমিতের বিরুদ্ধে। অভিযোগ উঠেছিল, টাকার বিনিময়ে সেখানে সরকারি জমি বিক্রি হতো এবং সুমিতের সম্মতিতেই তৈরি হতো ভুয়ো নথি। সুমিতের আইনজীবীর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ২০২১ সালের একটি পুরোনো ঘটনার ভিত্তিতে ২০২৬ সালের জুন মাসে এই এফআইআর দায়ের করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *