উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : দপ্তরে অনুপস্থিত গ্রাম পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, প্রায় দু’হাজার পঞ্চায়েত প্রধান দপ্তরে ধারাবাহিকভাবে অনুপস্থিত। গ্রামাঞ্চলে উন্নয়নের কাজ মূলত পঞ্চায়েতের মাধ্যমেই হয়ে থাকে। প্রধানেরা অনুপস্থিত থাকায় ফাইলে সই হচ্ছে না। আটকে যাচ্ছে কাজ। এই প্রধানদের অবিলম্বে কাজে যোগ দিতে বলেছেন দিলীপ।
তাঁর কথায়, ‘প্রায় দু’হাজার প্রধান অফিসে যাচ্ছেন না। কাজ হচ্ছে না। অনেকেই পালিয়ে গিয়েছেন। আমরা বলব, হয় পদত্যাগ করুন, না হলে কাজ করুন। এভাবে কাজ বন্ধ থাকলে ডিমের বদলে মানুষ বাড়িতে ঢিল মারবে।’
বিধানসভা ভোটে রাজ্যে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। তবে অধিকাংশ পঞ্চায়েত তৃণমূলের দখলে। কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর পুরসভাগুলির মতো পঞ্চায়েতও বিধ্বস্ত। বহু নেতা গা ঢাকা দিয়েছেন। সামগ্রিকভাবে গ্রামাঞ্চলের উন্নয়নের কাজে এর প্রভাব পড়ছে বলে অভিযোগ। সেই কারণেই অনুপস্থিত নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ।
যদিও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘পঞ্চায়েত প্রধানরা অফিসে যাচ্ছেন না, এটা ঠিক নয়। যেতে দিচ্ছে না বিজেপির কর্মীরা এবং পুলিশ। গেলে পুলিশ মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে। পুলিশই পঞ্চায়েত অফিস রক্ষা করছে আর মন্ত্রী মজা নিচ্ছেন।’

