ভর্তির বাইরে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, চাঁচল কলেজে অধ্যক্ষকে ঘিরে পড়ুয়াদের বিক্ষোভ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


সামসী: ভর্তি ও পরীক্ষার নির্ধারিত ফির বাইরেও অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগে চাঁচল কলেজে (Chanchal School) বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। বিদ্যুৎ বিল, ভবন রক্ষণাবেক্ষণ, টিউশন ফি, বিশেষ ক্লাস ও কলেজের সার্বিক উন্নয়নের নামে প্রত্যেকের কাছ থেকে অতিরিক্ত ২৭২০ টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শুক্রবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয়। পরে আন্দোলনকারীরা তাঁর হাতে একটি স্মারকলিপি তুলে দেন। এই আন্দোলনে শামিল হয়েছিল এবিভিপি-ও (ABVP)।

আন্দোলনকারী ছাত্রছাত্রীদের দাবি, শিক্ষাবর্ষের নিয়মিত ফি মেটানোর পরেও বাড়তি টাকা দাবি করায় বিপাকে পড়েছেন সাধারণ ও আর্থিকভাবে অনগ্রসর পরিবারের পড়ুয়ারা। রূপ গোস্বামী নামের এক পড়ুয়া ক্ষোভ প্রকাশ করে জানান, সমস্ত নিয়মিত ফি জমা দেওয়া সত্ত্বেও নতুন করে টাকা চাওয়ায় তাদের ওপর অস্বাভাবিক আর্থিক বোঝা চাপছে। কলেজ কর্তৃপক্ষের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ফি অবিলম্বে কমানো। ঋদ্ধি দাস নামে অপর এক পড়ুয়ার মতে, এই অতিরিক্ত আর্থিক দায় আর্থিকভাবে দুর্বল পরিবারের বহু ছাত্রের পড়াশোনা চালিয়ে যাওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।

পড়ুয়াদের এই অসন্তোষ ও দাবির বিষয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম পাল (Uttam Paul)। তিনি জানান, ছাত্রছাত্রীদের উত্থাপিত দাবির প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে এবং এই সমস্যার নিষ্পত্তির জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করবেন। অধ্যক্ষের পক্ষ থেকে সদর্থক আলোচনার আশ্বাস মেলার পর আপাতত বিক্ষোভ কর্মসূচি শেষ হলেও, কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ফি প্রত্যাহার বা কমানোর বিষয়ে কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন পড়ুয়ারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *