উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের মধ্য দিয়েই শুরু হবে ভারতীয় ক্রিকেট দলের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান। কিন্তু এই দুবাই সফরে ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবেন তাঁদের পরিবার। উল্লেখ্য, সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে শোচনীয় হারের পর ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য কড়া নির্দেশিকা জারি করেছিল বোর্ড। বোর্ডের সেই নির্দেশিকায় বলা হয়েছিল ৪৫ বা তাঁর বেশি দিনের বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবার যেতে পারবে ২ সপ্তাহের জন্য। কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি ভারতীয় দল ফাইনালেও ওঠে তবুও ৩ সপ্তাহের বেশি সময় ধরে চলবে না এই সফর। সেইজন্যই এই কম দিনের প্রতিযোগিতায় পরিবারের সদস্যরা যেতে পারবেন না ক্রিকেটারদের সঙ্গে।
এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন, “এখনও পর্যন্ত ঠিক আছে যে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবার যেতে পারবে না। যেহেতু এই প্রতিযোগিতা এক মাসও চলবে না, তাই বোর্ডের নতুন নির্দেশিকা মানতেই হবে ক্রিকেটারদের। যদি কেউ পরিবারকে নিয়ে যেতে চায় তা হলে অধিনায়ক, কোচ ও বোর্ডের অনুমতি নিতে হবে। যদি বিশেষ কারণে কাউকে অনুমতি দেওয়াও হয়, তা হলে পরিবারের যাতায়াত, থাকা-খাওয়ার খরচ সেই ক্রিকেটারকেই বহন করতে হবে, বোর্ড এক পয়সাও দেবে না।”
