রায়গঞ্জ: রায়গঞ্জ (Raiganj) শহর সংলগ্ন কুলিক ফরেস্ট (Kulik Forest) এলাকার একটি পার্কে ১৬ বছরের এক নাবালিকাকে মদের সঙ্গে নেশার ট্যাবলেট খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ মহিলা থানার পুলিশ। শুক্রবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতের বিশেষ কোর্টে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তরুণের বাড়ি রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লী এলাকায় এবং অভিযোগকারী নাবালিকা শহরের বন্দর এলাকার বাসিন্দা। তাদের মধ্যে পূর্ব পরিচিতি বা প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশ জানতে পেরেছে। অভিযোগ, দিন দশেক আগে ঘুরতে যাওয়ার নাম করে ওই নাবালিকাকে রায়গঞ্জ কুলিক ফরেস্ট সংলগ্ন মণিপাড়া পার্কে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে তাকে মদের সঙ্গে নেশার ট্যাবলেট মিশিয়ে খাইয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ঘটনার পর নাবালিকার মা রায়গঞ্জ মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা ও পকসো (POCSO) আইনে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে মোবাইল ট্র্যাক করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
রায়গঞ্জ মহিলা থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়ার পরেই তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে, অভিযুক্ত তরুণের পরিবারের দাবি, বিষয়টি মেটানোর জন্য নাবালিকার পরিবারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা দাবি করা হয়েছিল। সেই টাকা দিতে অস্বীকার করায় এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি করেছে অভিযুক্তের পরিবার। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।

