উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ খুব শীঘ্রই দুটি এশিয়া কাপ ট্রফিই (Asia Cup Trophy) নিরাপদে ভারতে এসে পৌঁছবে বলে জোরালো আশ্বাস দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শইকীয়া। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শইকীয়া স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, ট্রফিগুলি দেশে ফিরিয়ে আনতে বিসিসিআইয়ের পক্ষ থেকে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।
ঠিক কবে নাগাদ এই ট্রফিগুলি দেশে আসবে, সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে শইকীয়া মন্তব্য করেন, ‘‘কেউ যদি গোঁয়াড় হন, সমস্যা সমাধান করতে না চান, তা হলে সেটা তাঁর ব্যাপার। আমাদের সমস্যা নয়। আমরা শুধু পরামর্শ দিতে পারি। সেটা বাস্তবায়িত করতে পারি না। এ ব্যাপারে আমাদের কোনও ভূমিকা নেই। তবে আমি আপনাদের আশ্বস্ত করছি, বিসিসিআই খুব তাড়াতাড়ি ট্রফি দুটো দেশে নিয়ে আসবে। এটা সকলেই জানে।’’
কতদিনের মধ্যে ট্রফিগুলি হাতে পাওয়া যাবে, তা নিয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা না জানালেও তিনি বলেন, ‘‘কোনও নির্দিষ্ট সময় এখনই বলতে পারব না। এটুকু বলতে পারি, খুব তাড়াতাড়ি ট্রফিগুলো আমাদের কাছে চলে আসবে। শুধু মেয়েদের ট্রফিটা নয়, যেটা আমরা গত বছর জিতেছিলাম সেটাও আসবে। এক বছরের বেশি হয়ে গেল, আমরা ট্রফিটা পাইনি। আমরা দুটো প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হয়েছি। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। দুটো ট্রফিই আপনারা খুব তাড়াতাড়ি মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরের আলমারিতে দেখতে পাবেন।’’
উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার করেছিল ভারতীয় পুরুষ দল। সূর্যকুমার যাদবদের সেই পথ অনুসরণ করেই হরমনপ্রীত কৌরেরাও একই অবস্থান নেন। যে কারণে গত বছরের ছেলেদের এশিয়া কাপ ট্রফি এবং চলতি বছরের মেয়েদের এশিয়া কাপ ট্রফি—কোনোটিই এখনও ভারতের হাতে তুলে দেয়নি এসিসি। স্বভাবতই এই ঘটনায় দেশের ক্রিকেটপ্রেমী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং পিসিবি প্রধান তথা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়কমন্ত্রী মহসিন নকভির নেতৃত্বাধীন এসিসির এই পক্ষপাতদুষ্ট আচরণে বিসিসিআইও যে বেজায় অসন্তুষ্ট, তা স্পষ্ট। উল্লেখ্য, পহেলগাঁওয়ে ঘটা মর্মান্তিক জঙ্গি হামলার পর থেকেই দুই দেশের দ্বিপাক্ষিক রাজনৈতিক ও ক্রীড়া সম্পর্ক সম্পূর্ণ তলানিতে ঠেকেছে।

