খড়িবাড়ি: আলিপুরদুয়ার জেলার ১৫০ জন পরিযায়ী শ্রমিক নেপালের ধুলাবাড়ি এলাকায় প্লাইউড ফ্যাক্টরিতে কাজ করতে যান মাসখানেক আগে। সেই সময় মালিকপক্ষ তাদের ভোটার কার্ড ও আধার কার্ড নিয়ে নেপালের (Nepal) শ্রমিক কার্ড বানিয়ে দেওয়ার জন্য পরিচয়পত্রগুলি নেপালের শ্রম দপ্তরের অফিসে জমা দেয়। থমথমে নেপাল থেকে বাড়ি ফিরতে গিয়ে শ্রমিকেরা এখন আর ভারতে (India) প্রবেশ করতে পারছেন না। কারণ আসল আধার ও ভোটার কার্ড ছাড়া পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে তারা নিজের দেশে ঢুকতে পারছে না। সীমান্তে প্রহরারত এসএসবি জওয়ানদের (SSB) ডুবলিকেট আধার কার্ড ও ভোটার কার্ড দেখিয়ে কোনওমতেই এদেশে ঢোকার অনুমতি মিলছে না। এই পরিস্থিতিতে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে এসএসবি আধিকারিকরা মোবাইলে অরজিনাল ভোটার ও আধার কার্ডের ছবি দেখার পর তাদের মধ্যে ১৯ জনকে ভারতে ঢোকার ছাড়পত্র দেওয়া হয়। নেপাল ছেড়ে ভারতে প্রবেশ করতেই পরিযায়ী শ্রমিকদের মুখে শোনা যায় ‘ভারত মাতা কি জয়’ স্লোগান। নিজ দেশে ঢুকে স্বস্তি পরিযায়ীদের।
