উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট (West Bengal Election 2026) মানেই কি রণক্ষেত্র ভবানীপুর? বুধবার দুপুরে সেই আশঙ্কাই সত্যি হলো। কালীঘাট চত্বরে বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ঘিরে যেভাবে বিক্ষোভ ও স্লোগান চলল, তা সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, খোদ শুভেন্দু অধিকারীকে ‘বহিরাগত’ ধরতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রাস্তায় দৌড়তে দেখা যায়।
এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ ভবানীপুর (Bhowanipore) বিধানসভা কেন্দ্রের মুক্তদল মোড় এলাকায় পৌঁছয় শুভেন্দু অধিকারীর গাড়ি। অভিযোগ, গাড়ি দেখামাত্রই তৃণমূলের একদল মহিলা কর্মী-সমর্থক তাঁকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ এবং ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করেন। মুহুর্মুহু স্লোগানে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। মেজাজ হারিয়ে গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যান শুভেন্দু। শুরু হয় প্রবল বাকবিতণ্ডা। শুভেন্দুকে লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগানও দেওয়া হয়। শুভেন্দু গাড়়ি থেকে নেমে এগিয়ে যান। তারপর ফের গাড়িতে উঠে চলে যান কালীঘাটের পটুয়াপাড়ায়। সেখানে তৃণমূল কর্মীরা শুভেন্দুর বিরুদ্ধে স্লোগান দিতে থাকলে বিজেপি কর্মীরা পাল্টা ‘পিসি চোর-ভাইপো চোর’ স্লোগান দেন। কেন্দ্রীয় বাহিনী এলাকায় ঢোকার পর জওয়ানদের নিয়ে ঢোকেন শুভেন্দু। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তথা ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূম কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে দেখে কর্মীদের স্লোগান দিতে বলেন।
অভিযোগ, ‘বহিরাগতদের’ তাড়া করতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেই রাস্তায় দৌড়তে শুরু করেন তিনি। রাজপথে বিরোধী দলনেতার এই দৌড়ানোর দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এলাকায় ঘুরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।
