Uploaded By: Mistushree Guha
বর্ধমান: গণতন্ত্রের উৎসবে শামিল হতে কলকাতা থেকে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন দম্পতি। কিন্তু লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে গেল। পূর্ব বর্ধমানের (East Burdwan) মন্তেশ্বরে (Manteswar) এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রী, আর হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্বামী। মঙ্গলবার সকালে মন্তেশ্বরের কুসুমগ্রাম-মালডাঙ্গা রোডের ঘোষপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে (Street Accident)।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম শুভ্রা মণ্ডল। তাঁর স্বামী সুমিত মণ্ডল গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দম্পতির আদি বাড়ি মন্তেশ্বরের তারা শুশুনা গ্রামে হলেও কর্মসূত্রে তাঁরা হুগলির হিন্দমোটরে থাকতেন। বুধবার দ্বিতীয় দফার নির্বাচনে (WB Election 2026) ভোট দেওয়ার জন্যই এদিন ভোরে বাইকে চেপে কলকাতা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাঁরা।
দীর্ঘ পথ অতিক্রম করার পর বাড়ির খুব কাছেই কুসুমগ্রাম-মালডাঙ্গা রোডে তাঁদের বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ তাঁদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক শুভ্রা মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। সুমিত মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ছেলের বাড়িতে ফেরার অপেক্ষায় থাকা বাবা বিনয় মণ্ডল ও মা কাজল মণ্ডল কান্নায় ভেঙে পড়েছেন। তাঁরা বলেন, “গণতন্ত্রের উৎসবে যোগ দেবে বলে ছেলে-বৌমা বাড়ি ফিরছিল। কিন্তু পথ দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। বৌমা আর ভোট দিতে পারল না, ছেলেও হাসপাতালের বিছানায়।” শোকের ছায়া নেমে এসেছে গোটা তারা শুশুনা গ্রামে। মন্তেশ্বর থানার পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
