TMC | জয় জোহরমেলা নিয়ে তৃণমূলে দ্বন্দ্ব 

TMC | জয় জোহরমেলা নিয়ে তৃণমূলে দ্বন্দ্ব 

খেলাধুলা/SPORTS
Spread the love


জয়ন্ত সরকার, গঙ্গারামপুর: ফের প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব (TMC)। এবার জয় জোহরমেলাকে কেন্দ্র করে গঙ্গারামপুরে ব্লকে (Gangarampur) দলের অন্তর্কলহ সামনে এসেছে। দলের প্রাক্তন জেলা সভাপতি তথা জেলা পরিষদের সভাপতি মৃণাল সরকার জানান, আদিবাসী সমাজকে যথাযথ গুরুত্ব না দেওয়া এবং জনপ্রতিনিধিদের উপেক্ষা করার অভিযোগ তুলে এ বছর মেলা বয়কট করেছেন গঙ্গারামপুর ব্লকের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বেশ কয়েকজন জনপ্রতিনিধি।

শনিবার গঙ্গারামপুর ব্লকের মালিপাড়া হাইস্কুল মাঠে গঙ্গারামপুর ব্লক প্রশাসন এবং গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির তরফে জয় জোহরমেলার সূচনা করা হয়। সেই মেলায় আমন্ত্রণ জানানো হলেও বেশ কয়েকজন জনপ্রতিনিধি মেলাতে আসেননি বলে জানা গিয়েছে। দলের একটি সূত্রে খবর, দলের বর্তমান জেলা সভাপতি সুভাষ ভাওয়ালের বিপরীত গোষ্ঠীর জনপ্রতিনিধিরা এদিনের মেলার সূচনায় আসেননি।

মৃণাল বলেন, ‘প্রতি ব্লকে আদিবাসী সমাজের কমিটি থেকে অনুষ্ঠান পরিচালনার কথা থাকলেও গঙ্গারামপুরেই সেটি মানা হয়নি। তাছাড়া আদিবাসী সমাজের প্রতিনিধিদের আহ্বান জানানো হয়নি মেলায়। সে কারণেই গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বেশিরভাগ জনপ্রতিনিধি এই অনুষ্ঠান বয়কট করেছেন।’

যদিও আমন্ত্রণ না জানানোর অভিযোগ মানতে নারাজ গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল। তাঁর বক্তব্য, ‘উনি কী বলেছেন, আমার জানা নেই। তবে প্রশাসনের তরফে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

এদিকে, প্রাক্তন সভাপতির এমন অভিযোগকে পাত্তা দিতে নারাজ বর্তমান সভাপতি সুভাষ। নাম না নিয়ে প্রাক্তন সভাপতিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘এই মেলাগুলো পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিওর তত্ত্বাবধানে হয়ে থাকে। বাঙালির সবসময় স্পেশাল খাতির চাই। এই না হলেই অসন্তুষ্ট হয়। এটা সরকারের অনুষ্ঠান। তাছাড়া বিডিও তো জানিয়েছেন, সকলকে নিমন্ত্রণ জানানো হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *