উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ছত্তিশগড়ের সুকমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন মাওবাদী নিহত হয়েছেন। যাঁদের মাথার মোট দাম ছিল ১৫ লক্ষ টাকা। নিহতদের মধ্যে রয়েছেন প্রধান কমান্ডার মাদভি দেবাও। ঘটনাস্থল থেকে রাইফেল সহ প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। এনিয়ে চলতি বছরে বস্তারে ২৩৩ জন মাওবাদী নিহত হলেন।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা সূত্রে সুকমার বনাঞ্চলে মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে তথ্য পেয়ে রবিবার ভোরে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান চালায়। তাদের দেখে গুলি ছুড়তে থাকেন মাওবাদীরা। বাহিনীর সংঘর্ষে তিন মাওবাদী নিহত হয়েছেন। নিহতরা হলেন স্নাইপার বিশেষজ্ঞ এবং কোন্টা এরিয়া কমিটির সদস্য মাদভি দেবা, কোন্টা এরিয়া কমিটির সিএনএম কমান্ডার পোডিয়াম গাঙ্গি এবং কিস্তারামের এরিয়া কমিটির সদস্য সোদি গাঙ্গি। এই তিনজনের প্রত্যেকের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।
সুকমার পুলিশ সুপার কিরণ চৌহান জানিয়েছেন, অভিযানে তিন মাওবাদীর মৃত্যু হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। বস্তার রেঞ্জের আইজিপি সুন্দররাজ পাট্টালিঙ্গম বলেছেন, ‘বস্তারে মাওবাদীরা দুর্বল হয়ে পড়েছেন। যৌথ অভিযানে অবশিষ্ট মাওবাদী ঘাঁটিগুলি ধ্বংস করা হবে।’
