উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আসন্ন পুরসভাকে সামনে রেখে কোমর বেঁধে ময়দানে নামল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কলকাতার পুরভোট পরিচালনার জন্য দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। সুকান্তের সঙ্গে এই কমিটিতে রাজ্যের এক মন্ত্রী ও এক বিধায়ককেও যুক্ত করা হয়েছে। মূলত শীর্ষনেতৃত্বকে এই গুরুদায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে কলকাতা পুরভোটে বিজেপি কতটা গুরুত্ব দিচ্ছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে।
মঙ্গলবার বিধাননগরে বিজেপির রাজ্য দপ্তরে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে এই কমিটিগুলির ঘোষণা করা হয়। কলকাতা পুরভোট পরিচালনা কমিটির ইনচার্জ করা হয়েছে সুকান্ত মজুমদারকে। কো-ইনচার্জ হিসেবে রয়েছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি অনিন্দ্য (রাজু) বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া মানিকতলার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাপস রায়কে এই কমিটির আহ্বায়ক এবং কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারিকে সহ-আহ্বায়ক করা হয়েছে। পাশাপাশি, হাওড়া পুরসভার নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে এবং বালির বিধায়ক সঞ্জয় সিংহকে করা হয়েছে আহ্বায়ক।
বিজেপি সূত্রে খবর, পুজোর পরবর্তী সময়ে ভোট হতে পারে ধরে নিয়েই দলীয় প্রস্তুতি শুরু হয়েছে। সাম্প্রতিক অতীতে রাজ্যে বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনে দলের উত্থান-পতনের মধ্য দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে এবার ওজনদার নেতাদের ময়দানে নামাচ্ছে গেরুয়া শিবির। কলকাতা ও হাওড়ার পর অন্যান্য পুরসভাগুলিতেও দ্রুত প্রস্তুতি সেরে নিতে চাইছে দল।

