উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আগামী ২৭ জুন মুম্বইয়ে রয়েছে বহু প্রতীক্ষিত লাইভ কনসার্ট (Mumbai Live performance)। কিন্তু তার ঠিক আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম (Sonu Nigam)। মেরুদণ্ডের স্নায়ুর তীব্র সমস্যায় (Pinched Nerve) ভুগছেন তিনি। পরিস্থিতি এতটাই জটিল যে, এর প্রভাব পড়েছে তাঁর কণ্ঠেও। তবে শারীরিক এই চরম প্রতিবন্ধকতা সত্ত্বেও অনুরাগীদের নিরাশ করতে নারাজ শিল্পী। সমস্ত কষ্ট উপেক্ষা করেই মঞ্চে ওঠার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিজের শারীরিক অবস্থার কথা জানান সোনু। তিনি জানান, গত এক সপ্তাহ ধরে স্নায়ুর তীব্র যন্ত্রণায় ছটফট করছেন। রোগ নির্ণয়ের জন্য গত কয়েকদিনে একাধিকবার তাঁর এমআরআই (MRI) এবং সিটি স্ক্যান (CT Scan) করা হয়েছে। চলছে কড়া ডোজের ওষুধ।
ভিডিওতে সোনু নিগম বলেন, ‘আমার স্নায়ুতে প্রচণ্ড চাপ পড়েছে। গত এক সপ্তাহ ধরে ক্রমাগত পরীক্ষা-নিরীক্ষা চলছে। ফিজিওথেরাপির সেশনগুলো অত্যন্ত যন্ত্রণাদায়ক। বাধ্য হয়ে আমাকে প্রচুর পেইনকিলার বা ব্যথানাশক ওষুধ খেতে হচ্ছে।’
গায়ক আরও জানান, পেশি শিথিল করার জন্য যে সমস্ত কড়া ওষুধ তাঁকে দেওয়া হচ্ছে, সেগুলির পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর গলা কিছুটা ভারী হয়ে গিয়েছে। একজন প্রথম সারির সংগীতশিল্পীর কাছে কনসার্টের আগে গলার এই পরিবর্তন যথেষ্ট চিন্তার বিষয়।
তবে সমস্ত জল্পনায় জল ঢেলে সোনু স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি শো বাতিল করছেন না। দীর্ঘ বিরতির পর মুম্বইয়ের মঞ্চে ফিরছেন তিনি, তাই অনুরাগীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে তিনি বদ্ধপরিকর। যন্ত্রণার সাথে লড়াই করেই আগামী ২৭ জুন মঞ্চ কাঁপাতে নামবেন এই সুরের জাদুকর।

