Howrah | হাওড়ার বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড! মর্মান্তিক মৃত্যু বৃদ্ধার, অসুস্থ একাধিক

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কলকাতার নিউ মার্কেটের মর্মান্তিক অগ্নিকাণ্ডের (Hearth) রেশ কাটতে না কাটতেই ফের বড়সড়ো দুর্ঘটনা ঘটল হাওড়ায় (Howrah)। বুধবার হাওড়ার আন্দুলে একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে এক ৭২ বছর বয়সি বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে খবর। মৃতার নাম গোপা মুখোপাধ্যায়। এই ঘটনায় ধোঁয়ায় অসুস্থ ও অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন আবাসিক। স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এলাকার ওই বহুতল আবাসনের তিন ও চার তলার একটি ফ্ল্যাটে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের অংশে ও নীচের তলাতেও ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় ভরে যায় পুরো আবাসন এবং তার আশপাশ। আকস্মিক এই ঘটনায় আবাসনের বিভিন্ন তলে বহু মানুষ আটকে পড়েন। গলগল করে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। পুলিশ (Police) ও দমকলকর্মীরা যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে বহুতলের ভিতর থেকে আটকে পড়া অন্তত ৮ জন বাসিন্দাকে নিরাপদে বাইরে বের করে আনেন।

তবে তার আগেই ধোঁয়ায় ও আগুনের তাপে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কয়েকজন আবাসিক। অনেক বাসিন্দার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধার মৃত্যু হয়। পাশের এক বাড়ির বাসিন্দার কথায়, “হঠাৎ দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছে এবং গলগল করে ধোঁয়া বের হচ্ছে। আমাদের এক কাকিমা ওই তলায় থাকেন, আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সর্বত্র।”

প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে আগুন লাগার আসল কারণ এখনও স্পষ্ট নয়। দমকল সূত্রে জানানো হয়েছে, ওই আবাসনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ফলে সামান্য ত্রুটি থেকে পরিস্থিতি আরও ভয়ংকর রূপ নিতে পারত। পরপর এমন অগ্নিকাণ্ডের ঘটনায় বহুতলগুলির নিরাপত্তা ও ফায়ার সেফটি নিয়ে ফের একবার বড়সড়ো প্রশ্নচিহ্ন খাড়া হলো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *