Shankar Ghosh | ‘এই শহর আমার কাছে চাঁদের পাহাড়ের মতো’ শিলিগুড়িতে ফিরেই বড় বার্তা শংকরের

Shankar Ghosh | ‘এই শহর আমার কাছে চাঁদের পাহাড়ের মতো’ শিলিগুড়িতে ফিরেই বড় বার্তা শংকরের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শিলিগুড়ি: বিধায়ক পদে শপথ গ্রহণের পর কলকাতা থেকে ঘরের ছেলে ঘরে ফিরতেই আবেগে ভাসল শিলিগুড়ি (Siliguri)। শনিবার শহরে পা রেখেই বিজেপি নেতা তথা নবনির্বাচিত বিধায়ক শংকর ঘোষ (Shankar Ghosh) শহরকে তুলনা করলেন বিভূতিভূষণের বিখ্যাত সেই ‘চাঁদের পাহাড়’-এর সঙ্গে। তবে শুধু আবেগ নয়, এদিন শিলিগুড়িতে ফিরেই শহরের আইনশৃঙ্খলা এবং বিগত আমলের ‘দুর্নীতি’ নিয়ে অত্যন্ত কড়া ও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন তিনি।

কলকাতা থেকে ফিরে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শংকর ঘোষ বলেন:

“শিলিগুড়ি আমার কাছে চাঁদের পাহাড়ের মতো। এই শহর আমার কাছে অভিভাবক। সবার অভিভাবকত্বেই বড় হয়েছি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, নাটক, খেলাধুলা— এক কথায় বড় হয়ে ওঠা সবটাই এই শহরকে নিয়ে। এই শহরের মানুষের ভোট আমার কাছে আশীর্বাদ। কটা দিন শহরের বাইরে ছিলাম, শহরকে প্রতি মুহূর্তে মিস করেছি।”

তিনি আরও যোগ করেন, এবার তাঁর ফিরে আসাটা অনেক বেশি প্রত্যাশাকেন্দ্রিক। মানুষের সেই প্রত্যাশা পূরণের ভাবনা নিয়েই তিনি কাজ করবেন। ‘চাঁদের পাহাড়’ যতই ভারী হোক না কেন, শিলিগুড়ির মানুষের আশীর্বাদকে মাথায় নিয়ে তিনি পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বিজেপির সংকল্পপত্র অনুযায়ী এগোবেন। এই কাজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশিত পথেই দল চলবে বলে জানান তিনি।

তবে কেবল আবেগের বার্তা দিয়েই থেমে থাকেননি শংকর ঘোষ। সাম্প্রতিক কিছু ঘটনার প্রসঙ্গ টেনে দলীয় কার্যকর্তা ও প্রশাসনের উদ্দেশে কড়া বার্তা দেন তিনি। তিনি সাফ জানান, কেউ প্রশাসনের কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিগত ১৫ বছরের তৃণমূল সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “অসংখ্য দুর্নীতি, অসংখ্য মানুষের চোখের জল গত ১৫ বছরে পড়েছে। কিন্তু সেই চোখের জল মোছার দায়িত্ব নিশ্চিতভাবে প্রশাসনের।”

পাশাপাশি, আরজি কর কাণ্ড এবং ‘অভয়া’ প্রসঙ্গ তুলে ধরে শংকর মন্তব্য করেন, “ধর্মের কল বাতাসে নড়ে।” তাঁর অভিযোগ, যাঁরা এই ধরনের হীন কাজকে প্রশাসনের জামা পরানোর চেষ্টা করেছিল, তাদের রেয়াত করা হবে না। নতুন সরকার সবে শপথ নিয়েছে, তাই শুধু অভয়া নয়, সেই সময়ের প্রত্যেকটি কেস খতিয়ে দেখা হবে এবং বিজেপির সংকল্প অনুযায়ী মানুষের সব প্রত্যাশা পূরণ করা হবে। এদিন শহরে ফিরেই চেনা ছন্দে দেখা যায় শরকরকে। স্কুটারে চেপেই বাড়ি ফেরেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *