উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চব্বিশের লোকসভা হোক বা ছাব্বিশের বিধানসভা— রাজ্যের রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু ডায়মন্ড হারবার। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) এই নির্বাচনী ক্ষেত্র এবং তাঁর বহুচর্চিত ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে কম রাজনৈতিক চাপানউতোর হয়নি। আর এবার সেই ‘মডেল’ কেন্দ্র থেকেই নিজের প্রথম হাইপ্রোফাইল প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। শনিবার মুখ্যমন্ত্রীর এই ডায়মন্ড হারবার সফরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়েছে।
সূত্রের খবর, আজ দুপুর ১টায় বৈঠক পুলিশ আধিকারিকদের সঙ্গে। ডায়মন্ড হারবারের (Diamond Harbour) বিধায়কদেরও বৈঠকে ডাকা হয়েছে বলে খবর। এদিনই ডায়মন্ড হারবারের মানুষের জন্য একাধিক প্রকল্প বা উন্নয়নমূলক ঘোষণাও যে মুখ্যমন্ত্রী করতে পারেন তা নিয়েও শুরু হয়েছে চর্চা। এই বৈঠকে ডায়মন্ড হারবার, সুন্দরবন এবং বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত থাকবেন বলে খবর।
এলাকায় বর্তমানে কী কী উন্নয়নমূলক কাজ চলছে, তার খতিয়ান নেওয়ার পাশাপাশি এদিন ডায়মন্ড হারবারের মানুষের জন্য মুখ্যমন্ত্রী একাধিক নতুন প্রকল্প বা বড় কোনো জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে জোর চর্চা শুরু হয়েছে।মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলা। যেখানে বৈঠকটি হবে, সেখানে নিরাপত্তা রীতিমতো আঁটোসাঁটো করা হয়েছে। অন্যদিকে, নতুন মুখ্যমন্ত্রীকে নিজেদের এলাকায় স্বাগত জানাতে সকাল থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে।
রাজনৈতিক মহলের মতে, অভিষেকের খাসতালুকে দাঁড়িয়ে শুভেন্দুর এই প্রশাসনিক বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখান থেকে তিনি সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক বা প্রশাসনিক বার্তা দেন কি না, সেদিকেই নজর সবার। ডায়মন্ড হারবারের এই মেগা বৈঠক ও পর্যালোচনা শেষ করেই মুখ্যমন্ত্রী সরাসরি চলে যাবেন ফলতায়, যেখানে ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে একটি কর্মীসভা করার কথা রয়েছে তাঁর। সব মিলিয়ে, মুখ্যমন্ত্রীর দক্ষিণ ২৪ পরগনা সফরকে কেন্দ্র করে পারদ চড়ছে রাজনীতির।
