উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘নির্বাচন কমিশনের (ECI) কেরামতিতে বদলে গেল ‘পদবি!’ এমনটাই বলছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ছেলে অতীশ আজিজ। মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই দেখা গেল সেলিম-পুত্রের ‘পদবি’ লেখা রয়েছে ‘অবস্থি’। আবার একই পদবি ব্যবহার করা হয়েছে মহম্মদ সেলিমের ক্ষেত্রেও। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সুর চড়িয়েছেন সেলিম-পুত্র।
গতকাল প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। তালিকা প্রকাশিত হওয়ার পর নিজেদের নাম দেখতে গিয়ে কার্যত ভিরমি খাওয়ার জোগাড় সিপিএমের রাজ্য সম্পাদকের পরিবারের। বাবা থেকে ছেলে সকলের পদবি ‘অবস্থি!’ এ প্রসঙ্গে সেলিম-পুত্র অতীশ আজিজ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘মিডিয়া, বিজেপি সবাই মিলে কীসব গল্প দিল যে SIR-র মাধ্যমে মোল্লাদের টাইট দেওয়া হবে। এদিকে দেখছি আমাকে ECI ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে মহম্মদ সেলিমকেও।’ এমনকি খসড়া ভোটার তালিকার একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি। অতীশ আজিজ কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের ভোটার। বর্তমানে এই কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিম।
উল্লেখ্য, ‘অবস্থি’ পদবি সাধারণত উত্তর ভারতের ব্রাহ্মণদের হয়। অথচ সেই ‘পদবি’ সেলিম এবং তাঁর ছেলের ক্ষেত্রে ব্যবহৃত হতেই শুরু হয়েছে তুমুল সমালোচনা।
