Raiganj | রায়গঞ্জে পাউরুটি ফ্যাক্টরিতে অভিযান! শিশু সহ ১২ জন শ্রমিক উদ্ধার, গ্রেপ্তার মালিক

শিক্ষা
Spread the love


রায়গঞ্জ: রায়গঞ্জ শহরের একটি পাউরুটি ও খাদ্য উৎপাদন কেন্দ্রে অভিযান চালিয়ে শিশু সহ ১২ জন শ্রমিককে উদ্ধার করল জেলা প্রশাসন ও পুলিশ। এই ঘটনায় ওই ফ্যাক্টরির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিটের নেতৃত্বে রায়গঞ্জের (Raiganj) চাপদুয়ার এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ফ্যাক্টরির মালিকের নাম দীপক ঘোষ। তাঁর বাড়ি রায়গঞ্জ শহরের ৬ নম্বর ওয়ার্ডের তুলসী তলা এলাকায়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) আইনের একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাঁকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার জানান, পুলিশের পক্ষ থেকে সমস্ত আইনি দিক খতিয়ে দেখে মামলা রুজু করা হয়েছে। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানিয়েছেন, ঘটনার সামগ্রিক তদন্ত শুরু হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, চাপদুয়ারের ওই খাদ্য উৎপাদন কেন্দ্রে কেক, বিস্কুট, পাউরুটি ও ক্রিম রোল তৈরি হত। অভিযানে উদ্ধার হওয়া ১২ জন শ্রমিকের মধ্যে বেশ কয়েকজন নাবালকও রয়েছে। তাদের ঝাড়খণ্ডের পাকুড় জেলা থেকে নিয়ে এসে বন্ধকী শ্রমিক হিসেবে কাজে লাগানো হচ্ছিল বলে অভিযোগ। উদ্ধার হওয়া শিশুদের দিয়ে উচ্চ তাপমাত্রার ওভেনের কাজ, ময়দা বহন এবং ভারী যন্ত্রপাতি চালানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ করানো হত।

অভিযানে পুলিশ ছাড়াও জেলা শিশু সুরক্ষা ইউনিট, শিশু কল্যাণ কমিটি, শ্রম দফতর, স্বাস্থ্য দফতর এবং স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্মোকাস’-এর প্রতিনিধিরা অংশ নেন। ঝাড়খণ্ডের একটি স্বেচ্ছাসেবী সংস্থাও এই উদ্ধারকাজে সহায়তা করে।উদ্ধার হওয়া শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার পর নাবালকদের উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে রাখা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *