উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ‘ভয়ে রাতে ঘুমোতে পারছেন না জ্ঞানেশ কুমার!’ দিল্লির কংগ্রেস দপ্তর থেকে মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশে এমনই কটাক্ষ ছুড়ে দিলেন রাহুল গান্ধি। ‘ভোটচুরি’ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারকে রাজসাক্ষী হওয়ার পরামর্শ দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা।
সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, ‘জ্ঞানেশ কুমার ভয়ে আছেন। রাতে ঘুমোতে পারছেন না।’ এর পর তাঁকে এক সাংবাদিক প্রশ্ন করেন যে, তিনি জ্ঞানেশ কুমারকে ঠিক কী বার্তা দিতে চান? জবাবে রাহুল বলেন, ‘রাজসাক্ষী হয়ে যান। পদত্যাগ করুন। সেটাই হবে আপনার দেশসেবা। আপনি অপরাধ করেছেন। কিন্তু সত্যি বলতে কী, আপনি মূল অপরাধী নন। আপনি ভুল করছেন। কিন্তু এই ভুলের নেপথ্যে আপনার মস্তিষ্ক নেই। আমরা জানি, আপনি কী পরিমাণ চাপের মধ্যে রয়েছেন।’
কংগ্রেস নেতার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং শিল্পপতি গৌতম আদানি মুখ্য নির্বাচন কমিশনারের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে চলেছেন। পাশাপাশি রাহুল আরও ইঙ্গিত দেন যে, প্রায় ২০০ জন আমলা তাঁদের কাছে এ বিষয়ে তথ্য পাঠাচ্ছেন।
জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত এবং দেশের নির্বাচনি ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাহুল গান্ধি। এটি কোনও একদিনের প্রতিবাদ নয় উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়েছেন, সংবিধান রক্ষার এই লড়াই কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে এটিকে আরও বড় জনআন্দোলনে রূপ দেওয়া হবে।
The put up Rahul Gandhi | ‘ভয়ে রাতে ঘুমোতে পারছেন না জ্ঞানেশ কুমার!’ রাজসাক্ষী হওয়ার পরামর্শ দিয়ে বিঁধলেন রাহুল appeared first on Uttarbanga Sambad.
