Nepal Flash Flood | নেপাল বিপর্যয়: সাহায্যের হাত বাড়ালেন সোনু সুদ, কী বললেন মনীষা কৈরালা থেকে বলিউড সেলেবরা?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নেপালে (Nepal Flash Flood) হড়পায় বিপর্যস্ত জনজীবন। বহু মানুষের মৃত্যুর পাশাপাশি এখনও নিখোঁজ অনেকে। এই চরম সংকটের মুহূর্তে নেপালের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিনোদন জগতের তারকারা। ভারত ও নেপালের বিভিন্ন প্রান্তের বিশিষ্টজনেরা সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানিয়েছেন।

বিপদের দিনে সবসময় মানুষের পাশে দাঁড়ানো অভিনেতা সোনু সুদ (Sonu Sood) এবারও ত্রাতা হিসেবে অবতীর্ণ হয়েছেন। নেপালের এই দুঃসময়ে সাহায্যের ঘোষণা করে এক্স (X) হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘নেপাল, তোমরা একা নও। আমরা খাবার, আশ্রয় এবং ঘর পুনর্গঠনের শক্তি নিয়ে তোমাদের পাশে আসছি।’’ তাঁর এই পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন অনুরাগীরা।

অন্যদিকে, নেপালের মাটিতে শিকড় থাকা প্রখ্যাত অভিনেত্রী মনীষা কৈরালা (Manisha Koirala) এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। বিপর্যয়ের ছবি শেয়ার করে তিনি সকলের কাছে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করার আবেদন জানিয়েছেন। নিজের পোস্টে তিনি লিখেছেন, ‘‘নেপালের জন্য প্রার্থনা করুন।’’ নেপালে জন্ম নেওয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুংও এই বিপর্যয়ে ভেঙে পড়েছেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, প্রিয়জনদের খোঁজে পরিবারগুলোর আকুল আর্তনাদ এবং যেভাবে সম্পূর্ণ জনপদ ভেসে গিয়েছে, তা তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে। পাশাপাশি চরম প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধারকাজে যুক্ত কর্মীদেরও কুর্নিশ জানিয়েছেন তিনি।

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তও (Sanjay Dutt) ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘নেপালের বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা রইল। এই কঠিন সময়ে আমি আপনাদের পাশে আছি এবং যেকোনো উপায়ে সাহায্যের জন্য সবসময় প্রস্তুত থাকব।’’

এদিকে, এই সংকটে শুধু তারকারাই নন, প্রতিবেশী দেশের পাশে দাঁড়িয়েছে ভারত সরকারও। বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, ভারতের মানবিক সাহায্য এবং জরুরি চিকিৎসাসামগ্রী ইতিমধ্যেই কাঠমান্ডুতে পৌঁছে গিয়েছে। উদ্ধারকাজ ও ত্রাণ সরবরাহে গতি আনতে আরও সাহায্য পাঠানো হচ্ছে। তারকাদের এই সহমর্মিতা এবং ভারত সরকারের ত্রাণ তৎপরতা এই বিপদের দিনে নেপালের মানুষের মনোবল জোগাতে বড় ভূমিকা পালন করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *