Bidhannagar PS | স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের, আজই আদালতে তোলা হবে যুবভারতী কাণ্ডে ধৃত শতদ্রুকে

Bidhannagar PS | স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের, আজই আদালতে তোলা হবে যুবভারতী কাণ্ডে ধৃত শতদ্রুকে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসির (Lionel Messi) ইভেন্ট ঘিরে শনিবার যুবভারতীতে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। রীতিমতো ভাঙচুর চালায় ক্ষুব্ধ দর্শকরা। ঘটনার পরই গ্রেপ্তার করা হয়েছিল ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে বিধাননগর কমিশনারেট (Bidhannagar PS)। একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের (Suo motu case) করেছে পুলিশ। রবিবার শতদ্রুকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।

মেসির ইভেন্টে চূড়ান্ত অব্যবস্থার পরই কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল শতদ্রুকে। পুলিশ সূত্রে খবর, বিধাননগর উত্তর থানায় একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে কমিশনারেট পুলিশ। অশান্তি সৃষ্টি, ভাঙচুর, হিংসা ছড়ানো, নাশকতামূলক কার্যকলাপ চালানো এবং জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৯২, ৩২৪ (৪)(৫), ৩২৬ (৫), ১৩২, ১২১ (২), ৪৫ ও ৪৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ। এদিকে, এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা আদালত চত্বরকে। মোতায়েন করা হয়েছে পুলিশ।

উল্লেখ্য, ‘ফুটবলের যুবরাজ’কে একটিবার দেখার জন্য শনিবার ভোর থেকেই অনুরাগীরা ভিড় জমিয়েছিলেন যুবভারতী স্টেডিয়ামে। হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন সকলে। শনিবার নির্ধারিত সময় যুবভারতী স্টেডিয়ামে পৌঁছে যান মেসি। মাঠে ঢোকেন লুইস সুয়ারেজ এবং রডরিগো ডি’পল। কিন্তু আয়োজক সহ মন্ত্রীদের ভিড়ে কার্যত ঢাকা পড়ে যান মেসি। তিনি হাসিমুখে হাত নাড়ছিলেন দর্শকদের দিকে। কিন্তু গ্যালারিতে বসে থাকা দর্শকরা সেটা দেখতেই পাননি বলে অভিযোগ। এদিকে মেসিও নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন। হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটে মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। এরপরই রাগে-ক্ষোভে-দুঃখে মাঠে বোতল ছোড়া থেকে শুরু করে ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন তাঁরা। তারপরই শোনা যায় বিমানবন্দর থেকে শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *