Chanchal | চাঁচলের মহানন্দপুর পঞ্চায়েতে ভেস্তে গেল অনাস্থা প্রস্তাব! প্রধান পদে বহাল তৃণমূলের উপপ্রধান

ব্লগ/BLOG
Spread the love


সামসী: আদালতের দ্বারস্থ হয়েও শেষ রক্ষা হলো না। আদালতের নির্দেশমতো অনাস্থা সভা ডাকা হলেও সেখানে দেখা মিলল না বিপক্ষে থাকা রাজনৈতিক দলগুলির। ফলে চাঁচল (Chanchal)-১ ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব সম্পূর্ণভাবে ভেস্তে গেল। আর এই নাটকীয় রাজনৈতিক পরিস্থিতির জেরে নিজের পদেই বহাল রইলেন তৃণমূলের (TMC) উপপ্রধান রুপসেনা খাতুন। সভা পণ্ড হওয়ার খবর চাউর হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা।

বৃহস্পতিবার আদালতের নির্দেশ মেনে মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত ভবনে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে তলবি সভার আয়োজন করা হয়েছিল। নির্ধারিত সময়ে সভা শুরু হলেও আশ্চর্যের বিষয় হলো, অনাস্থা প্রস্তাবের পক্ষে থাকা দলগুলির একজন সদস্যও সেখানে উপস্থিত হননি। এমনকি দলীয় নির্দেশে বিজেপির একমাত্র সদস্যও এই সভা থেকে দূরত্ব বজায় রাখেন। এই অনুপস্থিতির ফলে অনাস্থা প্রস্তাব নিয়ে শেষ পর্যন্ত কোনো আলোচনাই সম্ভব হয়নি, হয়নি কোনো ভোটাভুটিও। ফলে নিয়মমাফিক সভা শেষ হয়ে যায়।

২১ আসন বিশিষ্ট মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দখলে রয়েছে ৮টি আসন। যেখানে কংগ্রেসের ১০টি, সিপিএমের ১টি এবং বিজেপি ও নির্দলের একটি করে আসন ছিল। পরবর্তীতে সিপিএম, নির্দল এবং কংগ্রেসের এক সদস্যকে সঙ্গে নিয়ে চমকপ্রদভাবে বোর্ড গঠন করেছিল তৃণমূল। কংগ্রেসের মৌ সরকারকে প্রধান করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই দলবিরোধী কার্যকলাপের গুরুতর অভিযোগ ওঠে মৌ সরকারের বিরুদ্ধে। শুরু হয় আইনি লড়াই। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে তাঁর সদস্যপদ খারিজ হয়ে গেলে প্রধানের পদটি শূন্য হয়ে পড়ে। সেই শূন্যতায় প্রশাসনের তরফে উপপ্রধান রুপসেনা খাতুনের হাতেই প্রধান পদের দায়িত্ব দেওয়া হয়।

এরপরই শুরু হয় আসল রাজনৈতিক কোন্দল। রুপসেনা খাতুনের বিরুদ্ধে সরব হন কংগ্রেসের ছয় এবং তৃণমূলেরই ছয় বিদ্রোহী সদস্য। তাঁরা যৌথভাবে অনাস্থা প্রস্তাব আনেন। সেই প্রস্তাবের ভিত্তিতেই বৃহস্পতিবারের এই তলবি সভা ডেকেছিল প্রশাসন। কিন্তু প্রস্তাব আনলেও খোদ অনাস্থা আনয়নকারীরাই অনুপস্থিত থাকায় জল গড়ায় অন্যদিকে। সভা ভেস্তে যাওয়ার পরপরই পঞ্চায়েত চত্বরে তৃণমূলের সদস্য ও কর্মীরা সবুজ আবির খেলায় মেতে ওঠেন। এদিকে এই অনুপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *