উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রকৃতি রুষ্ট নেপালে (Nepal)। আচমকা নেমে আসা ভয়াবহ হড়পা বান (Flash Flood) এবং মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গিয়ে এক চরম বিপর্যয়ের মুখে পড়েছেন প্রতিবেশী দেশটির মানুষ। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগে উদ্বেগ বেড়েছে এপারেও। কর্মসূত্রে কিংবা পুজোর মুখে বেড়াতে গিয়ে পাহাড় পরিবেষ্টিত সেই পাহাড়ি দেশে আটকে পড়েছেন বহু ভারতীয় নাগরিক। যার মধ্যে চরম বিপাকে পড়েছেন এ রাজ্যের বেশ কিছু বাসিন্দা।
হিসাব অনুযায়ী, অন্তত ৩৬ জন পর্যটকের এই মুহূর্তে কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। প্রতি মুহূর্তেই তাঁদের সুরক্ষার কথা ভেবে প্রহর গুনছেন স্বজনরা। উদ্বেগের কেন্দ্রবিন্দুতে থাকা সেই সব পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্বয়ং পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, নিখোঁজদের পরিবারের সঙ্গে ইতিমধ্যেই কথা বলা হয়েছে এবং প্রতি মুহূর্তে যোগাযোগ বজায় রাখা হচ্ছে।
উদ্ধারকাজ যাতে দ্রুত সম্পন্ন হয়, তার জন্য এক মুহূর্তও সময় নষ্ট করতে রাজি নয় নবান্ন। মঙ্গলবার রাত থেকে প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে। মুখ্যমন্ত্রী জানান, গতকাল সারারাত ধরে নিখোঁজদের সঙ্গে যোগাযোগ স্থাপন ও উদ্ধারকাজ ত্বরান্বিত করার প্রচেষ্টা চলেছে। সেই তৎপরতার কিছু ভিডিয়ো খুব শীঘ্রই জনসমক্ষে শেয়ার করা হবে। এর পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে একটি বিশেষ জরুরি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে, যাতে আটকে পড়া পর্যটকদের আত্মীয়রা দ্রুত সঠিক তথ্য পেতে পারেন।
অসহায় পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেছেন, “ভগবানের কাছে প্রার্থনা করি তাঁদের সঙ্গে যেন কোনও অঘটন না ঘটে। সকলেই যাতে সুস্থ থাকেন এবং ফিরে আসেন।” আপাতত উদ্ধারকারীদের তৎপরতা আর অলৌকিক আশার দিকেই তাকিয়ে দিন গুনছে নিখোঁজ পরিবারগুলি।

