মালদা: ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এই নির্দেশের পরেই সময়সীমার মধ্যে কাজ শেষ করতে কার্যত ‘যুদ্ধকালীন’ তৎপরতায় ময়দানে নেমেছে মালদা জেলা প্রশাসন (Malda District Administration)।
মালদা (Malda) জেলার প্রায় ৩৬ কিলোমিটার সীমান্ত এলাকা এখনও অসংরক্ষিত। এই দীর্ঘ পথে কাঁটাতার না থাকায় অনুপ্রবেশ এবং চোরাচালানের মতো ঘটনা লেগেই থাকে। প্রশাসন সূত্রে খবর, এই ৩৬ কিমি এলাকায় কাঁটাতার বসাতে এবং বর্ডার রোড তৈরি করতে প্রায় ২৬০ একর জমির প্রয়োজন। বছরের পর বছর ঝুলে থাকা এই প্রকল্পকে গতি দিতেই এবার সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য।
বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনে এই নিয়ে একটি হাই-প্রোফাইল বৈঠক অনুষ্ঠিত হয়। জেলাশাসক রাজনবীর সিং কাপুরের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে বিএসএফ (BSF)-এর শীর্ষ আধিকারিক এবং ভূমি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যেক উচ্চপদস্থ আধিকারিকরাও এই আলোচনায় অংশ নেন। তবে প্রশাসনের অন্দরে চিন্তার ভাঁজ ফেলেছে বর্তমান আবহাওয়া। বৃষ্টির ভ্রুকুটি এবং প্রতিকূল প্রাকৃতিক পরিস্থিতির মধ্যে নির্ধারিত ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ ও হস্তান্তরের কাজ শেষ করা এখন জেলা প্রশাসনের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ।
বৈঠক শেষে জেলাশাসক রাজনবীর সিং কাপুর জানান, “বিএসএফ এবং ভূমি দপ্তরের আধিকারিকদের নিয়ে আজ বিস্তারিত আলোচনা হয়েছে। জমি হস্তান্তরের ক্ষেত্রে যে ছোটখাটো সমস্যাগুলো রয়েছে, সেগুলো চিহ্নিত করা হয়েছে। আমরা আশাবাদী যে, আগামী ৪৫ দিনের মধ্যেই পুরো প্রক্রিয়াটি সফলভাবে শেষ করা যাবে।” সীমান্তের এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতের নিরাপত্তা আরও মজবুত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে আবহাওয়ার বাধা কাটিয়ে প্রশাসন কতটা দ্রুত এগোতে পারে, এখন সেটাই দেখার।
