Malda | চাল-ডাল-তেলের দামে নাভিশ্বাস, পাতে কি শুধুই তরকারি?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


মালদা ব্যুরো: বাজারে সবজির দাম কিছুটা নাগালে এসেছে। ফুলকপি, ঝিঙে, শসা কিংবা অন্য আনাজপাতি কিনতে গিয়ে আগের মতো পকেটে টান পড়ছে না। কিন্তু স্রেফ তরকারি রাঁধলেই হবে! হাঁড়িতে ভাত ফুটবে কীভাবে?

দুর্গাপুজোর পর থেকেই চাল, মশুর ডাল আর সর্ষের তেলের দাম (Value Hike) যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের মাথায় হাত। কোথাও কেজিতে ১০ টাকা বেড়েছে চালের দাম। কোথাও ১ লিটার সর্ষের তেলের দাম পেরিয়েছে ২০০ টাকা। মশুর ডালের কেজি এখন দেড়শো ছুঁইছুঁই। পাল্লা দিয়ে বেড়েছে চিনি আর মশলাপাতির দামও। ফলে বাজারে গিয়ে সবজি কিনে কিছুটা স্বস্তি মিললেও রান্নার বাকি উপকরণ কিনতে গিয়ে সেই স্বস্তি উধাও। আমজনতার প্রশ্ন, খালি কি তরকারি রেঁধেই খেতে হবে?

মালদা (Malda) শহরের দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেটের চালপট্টিতে বাজার করতে এসে এমনই আক্ষেপ করছিলেন রাধারানি তরফদার। তাঁর সংসারে মাসে ৫০ কেজি চাল লাগে। গত মাসেও ২৫০০ টাকায় এক বস্তা চাল কিনেছিলেন। শুক্রবার সেই চাল কিনতে গিয়ে জানতে পারেন, এবার দাম দিতে হবে ৩০০০ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে কেজিতে ১০ টাকা বৃদ্ধি। তাঁর প্রশ্ন, চাল-ডাল-তেলের দাম এভাবে বাড়লে সংসার চলবে কী করে?

মালদার বাজারে সুপার মিনিকেট চালের দাম কেজিতে ৭২ টাকা, ৪০৯৪ চাল ৬৮ টাকা, আইআর ৩৬ চাল ৭০ টাকা, ডাঙা চাল ৭০ টাকা এবং রামশিলা ৬৫ টাকা প্রতি কেজি। চাল বিক্রেতা রামচরণ দাসের বক্তব্য, ‘আমাদের কিছু করার নেই। পাইকারি বাজার থেকেই কেজিতে ৫ থেকে ১০ টাকা বেশি দরে চাল কিনতে হচ্ছে। আনুপাতিক হারে দাম বাড়াতে বাধ্য আমরা।’ তাঁর দাবি, পুজোর মরশুমে শাকসবজির দাম বেশি থাকলেও চাল, ডাল ও মশলাপাতির দাম নিয়ন্ত্রণে ছিল। বিশ্বকর্মাপুজো থেকে ছটপুজো পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় আনাজপাতির দামও বাড়েনি। কিন্তু ছটপুজোর পর আচমকাই চাল, ডাল, সর্ষের তেল ও মশলাপাতির দাম বাড়তে শুরু করেছে।

দাম বাড়ার কারণ কী? মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক তো দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও চাল, ডাল ও আনাজপাতির দাম বৃদ্ধির নির্দিষ্ট কারণ জানতে পারেননি। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বক্তব্য, উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে। সর্ষের তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে উত্তম বলেন, ‘সর্ষের উৎপাদন অনেকটাই কম বলে জানতে পেরেছি। গত মাসেও আমি ১৭৪ টাকা লিটার কিনেছি, আজ দাম বেড়ে ১৯৪ টাকা।’

মালদার ডিসিআর মার্কেট ছাড়াও রথবাড়ি নেতাজি মার্কেট, মকদুমপুর বাজার ও কাজি আজহারুদ্দিন মার্কেটে চালের দাম ঊর্ধ্বমুখী। বাসিন্দা সপ্তর্ষি সরকারের কথায়, ‘মানুষ এবার না খেয়ে মরবে। সর্ষের তেল কিনতে বাজারে গিয়েছিলাম। কেজিতে ২০ টাকা বেশি। ডালের দাম কেজিতে ৫ টাকা, চালের দাম কেজিতে ১০ টাকা বাড়লে মানুষ বাঁচবে কীভাবে?’

দক্ষিণ দিনাজপুরেও গত দুই-তিন সপ্তাহে বিভিন্ন ধরনের চালের দাম বেড়েছে। ১ কেজি নতুন সম্পা মাসুরি চালের দাম ৬০ টাকা, পুরোনোটি ৬০-৬২ টাকা। সোনম চাল ৫৮ থেকে বেড়ে ৬৩ টাকা, মিনিকেট ৪৫ থেকে ৫২ টাকা, স্বর্ণ চাল ৩৫ থেকে ৪০ টাকা এবং ৪০৯৪ চাল ৩৯ থেকে ৪৫ টাকা হয়েছে। সাঁই জিরা ৫৭ থেকে বেড়ে ৬২ টাকা। গোটা বাসমতির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। ভাঙা বাসমতি ৪৮ থেকে ৫২ টাকা এবং নতুন কাটারিভোগ ১২০ থেকে বেড়ে এখন ১৪০ টাকা কেজি। পতিরাম তহবাজারের চাল বিক্রেতা জিৎ সাহা জানান, কালীপুজোর পর থেকেই প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। ব্যবসায়ী ঘোতো নন্দী তো দাম বৃদ্ধির কারণ জানতে চেয়ে ক্রেতাদের প্রশ্নের উত্তর দিতে দিতে নাজেহাল।

দক্ষিণ দিনাজপুরে (Dakshin Dinajpur) লিটারে সর্ষের তেলের দাম ১০ টাকা এবং কেজিতে চিনির দাম ৮-৯ টাকা বেড়েছে। স্থানীয় বাসিন্দা দিয়া সরকারের কথায়, চাল, তেল ও চিনির দাম বাড়ায় মাসের বাজেটে টান পড়ছে। সংসার চালানোই এখন বড় চ্যালেঞ্জ।

একই ছবি রায়গঞ্জেও (Raiganj)। কয়েকদিন আগে যে চাল কেজিতে ৬২ টাকা ছিল, এখন তা বিক্রি হচ্ছে ৬৭-৬৮ টাকায়। খোলা সর্ষের তেলের দাম কেজিতে প্রায় ২২০ টাকা। কিছুদিন আগেও তা ২০০ টাকার কম ছিল। ৯১০ গ্রামের এক লিটার প্যাকেট সর্ষের তেলের দাম ২২০ থেকে ২৩০ টাকা। ভালো মানের মশুর ডাল বিকোচ্ছে কেজিতে ১৪০ টাকা। শহরের বাসিন্দা শুভাশিস দাসের কথায়, ‘সামান্য ডাল, আলুসেদ্ধ আর ভাত খেতে গেলেও যেগুলো কিনতে হবে, সেগুলোর দাম হঠাৎ করেই যেন বেড়ে গেল।’ চাল বিক্রেতা দিলীপ কুণ্ডুর সাফ কথা, বেশি দাম দিয়ে চাল কিনতে হচ্ছে বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ডাল-ভাত-আলুসেদ্ধ, মধ্যবিত্তের ‘স্টেপল ফুড’-এও যে মূল্যবৃদ্ধির থাবা পড়বে, কে ভেবেছিল!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *