দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: আট বছর পর আগামী বছর ৩ ফেব্রুয়ারি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন (Raiganj College convocation) হতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কর্ণজোড়া অডিটোরিয়ামে আয়োজিত হবে অনুষ্ঠান। যোগ দেবেন রাজ্যপাল আরএন রবি (R. N. Ravi)। তবে সমাবর্তনে মাত্র এক ঘণ্টা থাকবেন তিনি। ফলে ওই অল্প সময়ের মধ্যে কি আদৌ সকল পড়ুয়া রাজ্যপালের হাত থেকে শংসাপত্র ও মেডেল পাবেন? সকলে না পেলে কারা কারা পাবেন? তাঁদের বেছে নেওয়া হবে কীসের ভিত্তিতে? এসব নিয়ে শুরু হয়েছে আলোচনা। কোন বছরের পড়ুয়াদের শংসাপত্র দেওয়া হবে, পাশাপাশি সমাবর্তনে ছাত্রছাত্রীদের পোশাকই বা কী হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাব-কমিটিকে।
আগামী ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠক রয়েছে। সেখানে সমাবর্তনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার জানিয়েছেন, এবারের সমাবর্তনে পড়ুয়াদের আর গাউন ও রোব পরতে হবে না। প্রাচ্য রীতির পোশাক পরে গলায় উত্তরীয় নিয়ে শংসাপত্র ও মেডেল নিতে হবে পড়ুয়াদের। পোশাক সংক্রান্ত সিদ্ধান্ত নিতে ইতিমধ্যেই সাব-কমিটি গঠন করা হয়েছে। কোন বছরের পড়ুয়াদের শংসাপত্র ও মেডেল দেওয়া হবে, তা-ও ঠিক করবে ওই কমিটি।
দুর্লভ সরকার বলেন, ‘সমাবর্তনের জন্য উপাচার্য ১৩টি সাব-কমিটি তৈরি করেছেন। স্টেজ ডেকোরেশন, সার্টিফিকেট, পোশাক সহ যাবতীয় বিষয় দেখবে কমিটিগুলি। পাশাপাশি কমিটিগুলি টেন্ডারও করবে।’ তিনি আরও বলেন, ‘রাজ্যপাল চিঠিতে জানিয়েছেন, সমাবর্তনে এক ঘণ্টা থাকবেন। ২০ মিনিট তাঁর বক্তৃতার জন্য বরাদ্দ থাকবে। অন্যদের বক্তৃতার জন্য নির্ধারিত সময় ১০ মিনিট। বাকি ৩০ মিনিট শংসাপত্র ও মেডেল তুলে দেবেন তিনি।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত উত্তীর্ণ স্নাতক, স্নাতকোত্তর পড়ুয়া এবং পিএইচডি গবেষকদের শংসাপত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে প্রায় আট হাজার পড়ুয়া মূল শংসাপত্রের অপেক্ষায় রয়েছেন। তাঁদের মধ্যে চলতি শিক্ষাবর্ষের বিদায়ি পড়ুয়াদেরও শংসাপত্র দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাব-কমিটি ও কোর্টের বৈঠক।
দীর্ঘদিন ধরে মূল শংসাপত্র না পাওয়ায় সমস্যায় পড়তে হয়েছে বহু পড়ুয়াকে। ২০২২ সালে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করে ২০২৫ সালে বিহার সরকারের শিক্ষা দপ্তরে চাকরি পেয়েছেন রায়গঞ্জের সুদর্শনপুরের সৌমী চক্রবর্তী। কিন্তু এখনও মূল শংসাপত্র হাতে পাননি তিনি। প্রভিশনাল সার্টিফিকেটের মেয়াদও শেষ হয়ে গিয়েছে। সময়মতো সার্টিফিকেট না পাওয়ায় ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে সমস্যা নিয়ে উদ্বেগে রয়েছেন তিনি। একইরকম দুশ্চিন্তা দেবীনগরের তারকনাথ দত্তের। ২০২১ সালে স্নাতক হওয়ার পর ভিনরাজ্যে চাকরির আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ছেন তিনি। ২০২৩ সালে কম্পিউটার সায়েন্স নিয়ে স্নাতকোত্তর পাশ করা এক পড়ুয়ার অভিভাবক সুনীলেন্দু চক্রবর্তীর দাবি, চাকরির আবেদনের ক্ষেত্রে অনেক জায়গায় প্রভিশনাল সার্টিফিকেট গ্রহণ করা হচ্ছে না। তাই সমাবর্তনের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা সকলেই।
দীর্ঘ সাড়ে তিন বছর পর মাসদুয়েক আগে বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকে সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, ‘শংসাপত্র তৈরির প্রক্রিয়া শুরু হবে। সার্টিফিকেট নিয়ে আর কোনও সমস্যা থাকবে না।’
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শেষবার সমাবর্তন হয়েছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। তারপর একের পর এক উপাচার্য বদল হলেও আর সমাবর্তন হয়নি। ফলে হাজার হাজার পড়ুয়াকে মূল শংসাপত্রের বদলে প্রভিশনাল সার্টিফিকেট নিয়েই কাজ চালাতে হয়েছে। ২০২৫ সালে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা ডালখোলার বাসিন্দা মহুয়া মুখোপাধ্যায় বলেন, ‘আগামী বছর সার্টিফিকেট পাব, জেনে ভালো লাগছে।’
এবার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সমাবর্তনের মঞ্চ থেকে কতজন পড়ুয়ার হাতে মূল শংসাপত্র ও মেডেল পৌঁছোয়, সেদিকেই নজর রয়েছে পড়ুয়া ও তাঁদের পরিবারের।

