বৈষ্ণবনগর: মালদার (Malda) বৈষ্ণবনগরের ১৭ মাইল এলাকায় অবস্থিত বিএসএফ সেক্টর হেডকোয়ার্টারে এক ভয়াবহ গুলি চালানোর ঘটনা) দুই বিএসএফ (BSF) জওয়ানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক জওয়ান। বৃহস্পতিবার ঘটে যাওয়া এই আকস্মিক রক্তক্ষয়ী ঘটনায় গোটা চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন বিএসএফের ১১৯ নম্বর ব্যাটালিয়নের এক জওয়ান আচমকাই ৭১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালান। সেই সময় ওই জওয়ানরা বিশ্রাম নিচ্ছিলেন। অতর্কিত এই গুলিবর্ষণে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জওয়ানরা।
নিহত ও আহত জওয়ানদের পরিচয়:
- নিহত জওয়ান ১: অজয় কুমার সিং (বাড়ি বিহার)
- নিহত জওয়ান ২: আম্বাদার সুরেশ দুর্গু (বাড়ি মহারাষ্ট্র)
- আহত জওয়ান: বিকাশ বর্মা (বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলা)
কী কারণে এই ঘটনা?
ঘটনার পরেই দ্রুত হতাহত জওয়ানদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা দুই জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিকরা হাসপাতালে ছুটে যান এবং পুরো পরিস্থিতির ওপর নজরদারি শুরু করেন।
জানা গিয়েছে, অভিযুক্ত জওয়ানকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি নিজের সহকর্মীদের ওপর এমন নৃশংসভাবে গুলি চালালেন, তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার উচ্চপর্যায়ী তদন্ত শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষ। তদন্তের রিপোর্ট আসার পরেই আসল রহস্য উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে।

