নাগরাকাটা: চা বাগানে কাজ করার সময় বা বাগানের ভেতর দিয়ে যাতায়াতের সময় চিতাবাঘের আক্রমণের ঘটনা ডুয়ার্সে নতুন নয়। কিন্তু এবার দিনের আলোয় জনবহুল এলাকায় চিতাবাঘের হানায় (Leopard Assault) চাঞ্চল্য ছড়িয়েছে বামনডাঙ্গা চা বাগানে। বুধবার বিকেলে দুই যুবককে লক্ষ্য করে অতর্কিতে চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, এদিন বিকেলে বামনডাঙ্গা চা বাগানের (Bamandanga Tea Property) বিছ লাইনের বাসিন্দা বিকাশ ওরাওঁ (২৯) এবং অজিত মহালি (২০) বাগানের ৩৪ নম্বর সেকশনে গরু আনতে গিয়েছিলেন। জঙ্গলঘেরা ওই এলাকায় আচমকাই একটি চিতাবাঘ তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। চিতাবাঘের থাবার আঘাতে মাটিতে পড়ে যান দুই তরুণ। বাঘটি তাঁদের পিঠে ও মুখে থাবা বসিয়ে দেয়। প্রাণ বাঁচাতে দুই তরুণই চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন এবং চিতাবাঘটি জঙ্গলমুখী হয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় ওই দুই তরুণকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে সেখানে পৌঁছান খুনিয়া রেঞ্জের বিট অফিসার দেবাশীষ কর্মকার। তিনি জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে এবং সরকারি নিয়ম অনুযায়ী তাঁদের সব রকম সহায়তা করা হবে।
দিনের বেলায় বাগানের ভেতরে এই ধরনের হানার ঘটনায় চা শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বাগানে গরু চরাতে যাওয়া বা জঙ্গলের ধারে কাজ করা নিয়ে এখন রীতিমতো ভয়ে রয়েছেন এলাকাবাসী। বন দপ্তরের পক্ষ থেকে চা বাগান এলাকায় টহলদারি বাড়ানোর দাবি তুলেছেন বাগানের শ্রমিকরা। অন্যদিকে, চিতাবাঘটি ওই এলাকায় ফের ঘোরাফেরা করছে কি না, তা জানতে বনকর্মীরা এলাকাটিতে বিশেষ নজরদারি চালাচ্ছেন।
