মালবাজার: বড় সিদ্ধান্ত নিলেন মাল পুরসভার (Malbazar Municipality) কাউন্সিলার সুরজিৎ দেবনাথ। বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক করে দলীয় এবং পৌরসভার সমস্ত পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেন। এদিন অভিযোগের সুরে তিনি বলেন, তাঁর ওয়ার্ডে ওয়ার্ড কমিটির হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়াও আরো পৃথক দুটো গ্রুপ তৈরি করেছে কিছু ব্যক্তি। যারা মূলত পুলিন গোলদারের গোষ্ঠীর। এমনকি বর্তমান ওয়ার্ড কমিটি না ভেঙেই নতুন সভাপতির নাম প্রস্তাব করা হয়েছে জেলা কমিটির কাছে। এই নিয়েই বেজায় ক্ষুব্ধ কাউন্সিলার।
এছাড়াও মঙ্গলবার দুপুরে অজয় লোহার (Ajoy Lohar) এবং স্বপন সাহার (Swapan Saha) হাতাহাতির ঘটনার পর দলত্যাগ করার জন্য পরিবারের তরফে চাপ আসছিল সুরজিতের ওপর। সুরজিৎ ইতিমধ্যেই সমস্ত কিছু মৌখিকভাবে দলের জেলা ও রাজ্য নেতৃত্বের (TMC) কাছে জানিয়েছেন। লিখিত ভাবে শীঘ্রই জানাবেন বলে জানিয়েছেন সুরজিৎ দেবনাথ।
