জলপাইগুড়ি: পাহাড় ও সমতলে লাগাতার ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা নদী। পরিস্থিতির ভারসাম্য বজায় রাখতে গজলডোবার তিস্তা (Teesta) ব্যারাজ থেকে দফায় দফায় জল ছাড়ার ফলে জলপাইগুড়ির (Jalpaiguri) ওপর দিয়ে বয়ে চলা তিস্তার জলস্তর হু হু করে বৃদ্ধি পেয়েছে। আর এর জেরে জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্তনগর কলোনী এলাকায় নদীর জল ঢুকে ব্যাপক জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুকান্তনগর কলোনী এলাকার একটি অংশে বাঁধের ধারে নালার মতো কাটা একটি অংশ দিয়ে হুড়মুড় করে জনবসতিতে জল ঢুকতে শুরু করে। যার ফলে এলাকার রাস্তা এবং ফুটবল খেলার মাঠ পুরোপুরি হাঁটু সমান জলের নিচে তলিয়ে গেছে। এমনকি কয়েকটি বসতবাড়ির ভেতরেও জল ঢুকে পড়েছে বলে খবর। হঠাৎ এই জলস্ফীতিতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাতের দিকে নদীর জল আরও বাড়ার আশঙ্কায় তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন সাধারণ মানুষ।
পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই জলমগ্ন এলাকা পরিদর্শনে যান খড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়া সরকার বিশ্বাস এবং উপপ্রধান মহাদেব রায়। তাঁরা পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন বলে জানিয়েছেন। পাশাপাশি, যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি বা বিপর্যয় মোকাবিলা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ রাখা হয়েছে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে এই আবহে সন্ধ্যে থেকে জল বাড়া শুরু হলেও, রাত দশটার পর জল আর বাড়েনি, যার ফলে একটু হলেও স্বস্তির নিশ্বাস ফেলছেন স্থানীয়রা।
The submit Jalpaiguri | তিস্তার জল ঢুকল জলপাইগুড়ির সুকান্তনগর কলোনীতে, গজলডোবা থেকে জল ছাড়তেই দুর্ভোগে বাসিন্দারা! appeared first on Uttarbanga Sambad.
