উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজনীতি থেকে আগেই অবসরের বার্তা দিয়েছিলেন, এবার একেবারে দেশান্তরী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান তথা বিধায়ক হুমায়ুন কবীর। শুক্রবার রেজিনগর উপনির্বাচনের ভোটগণনা চলাকালীন হুমায়ুন বলেন, “২০২৯ সালে আমার বয়স ৬৬ হবে। যে কদিন বেঁচে থাকব, দুবাই গিয়ে খাবদাব-ঘুরব। সমুদ্রের হাওয়া খাব। সেখানেই কবরস্থ হব।”
গত বছর রেজিনগরে বাবরি মসজিদ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল ছেড়ে নিজস্ব দল গড়েছিলেন হুমায়ুন। নওদা থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পরেও তিনি সেই প্রতিশ্রুতি বারবার মনে করিয়ে দিয়েছেন। তবে দুবাই চলে যাওয়ার কথা বললেও মসজিদ গড়ার কাজ অসম্পূর্ণ রেখে তিনি যাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, “মসজিদ কমপ্লিট করে তবেই দুবাই যাব। নিজেই এই দায়িত্ব ঘাড়ে নিয়েছি।”
চলতি সপ্তাহে রেজিনগর উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালীনই ভোটলুটের অভিযোগ তুলে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন হুমায়ুন। পুলিশের সঙ্গে তাঁর বচসা হয় এবং তাঁকে সাময়িকভাবে আটকও করা হয়। ভোটের ফল প্রকাশের আবহে তাঁর স্পষ্ট অভিযোগ, প্রশাসনের একাংশের মদতেই সেখানে পরিকল্পিতভাবে ভোট লুট করা হয়েছে। গত দু’মাসে দলের ৬৪ জন কর্মী মারধরের শিকার হয়েছেন এবং মিথ্যা মামলায় তাঁদের ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ তাঁর। প্রশাসনের এই ভূমিকার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া এখন তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে বলে মন্তব্য করেন হুমায়ুন। তাঁর আক্ষেপ, “এই জুলুমবাজদের বিরুদ্ধে সংঘর্ষ করতে পারব না। শক্তিশালী মনোবল নিয়ে এত দিন চলছিলাম। এখন আর পারছি না। ক্লান্ত হয়ে গিয়েছি।”
