IPL | ‘চেজমাস্টার’-এর মহাকাব্যিক ৭৫, কোহলির চওড়া ব্যাটে আইপিএল জয় বেঙ্গালুরুর

IPL | ‘চেজমাস্টার’-এর মহাকাব্যিক ৭৫, কোহলির চওড়া ব্যাটে আইপিএল জয় বেঙ্গালুরুর

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আইপিএল ২০২৬-এর ফাইনালে গুজরাতকে হারিয়ে ট্রফি নিজেদের নামে করল বেঙ্গালুরু। আর এই জয়ের সাথেই এই নিয়ে পরপর দুবার ট্রফি নিজের হাতে তুলতে চলেছেন ‘চেজমাস্টার’ কোহলি। ফাইনালে ৪২ বলে অপরাজিত ৭৫ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলে বেঙ্গালুরুকে আইপিএল চ্যাম্পিয়ন করলেন ‘কিং কোহলি’। ৫ উইকেটে ম্যাচ জিতে ইতিহাস গড়ল আরসিবি।

১৫৬ রান তাড়া করতে নেমে আরসিবি তাদের চেনা আক্রমণাত্মক রণকৌশল থেকেই একচুলও নড়েনি। শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হন বিরাট কোহলি এবং বেঙ্কটেশ আয়ার। তবে মাঝের ওভারে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে একসময় কিছুটা চাপে পড়ে গিয়েছিল বেঙ্গালুরু। ঠিক সেই সময় পঞ্চম উইকেটে কোহলির হাত ধরেন টিম ডেভিড। চাপের মুখে ডেভিড কয়েকটি বড় শট খেলে রান ও বলের ব্যবধান কমিয়ে আনেন, যা বিরাটের কাজ অনেকটাই সহজ করে দেয়। ২৪ রান করে আরশাদ খানের বলে ডেভিড যখন প্যাভিলিয়নে ফেরেন, ততক্ষণে আরসিবি-র জয় কেবল সময়ের অপেক্ষা।

এদিন ট্রফি জেতার জন্য কতটা মরিয়া ছিলেন বিরাট, তা বোঝা যায় তাঁর ব্যাটিংয়ের ধরনেই। মাত্র ২৫ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করেন তিনি। তবে ইনিংসের মাঝপথে একবার ভাগ্য সঙ্গ দিয়েছিল কোহলিকে। ৬৩ রানের মাথায় বিরাটের একটি কঠিন ক্যাচ লুফতে যান শুভমন গিল। অন-ফিল্ড আম্পায়ার প্রথমে কোহলিকে আউট দিলেও, বিরাট ক্রিজ ছাড়তে রাজি ছিলেন না। শুভমনও ক্যাচটি নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত ছিলেন না। শেষমেশ থার্ড আম্পায়ারের রিপ্লেতে দেখা যায়, বল মাটি ছুঁয়ে শুভমনের হাতে জমা পড়েছে। নট-আউট হয়ে বিরাটের চওড়া হাসিই বলে দিচ্ছিল, তিনি জানতেন বল মাটিতে লেগেছে।

জীবন পাওয়ার পর আর বিপক্ষকে কোনও সুযোগ দেননি রান মেশিন। জিতেশ শর্মাকে সঙ্গে নিয়ে বাকি কাজটা অত্যন্ত ঠান্ডা মাথায় সেরে ফেলেন তিনি। ম্যাচের দখল পুরোপুরি নিজের হাতে রেখে ১২ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় বেঙ্গালুরু। আর দলের জয়সূচক রানটি আসে কোহলির রাজকীয় ছক্কা থেকেই! ৪২ বলে ৭৫ রানে অপরাজিত থেকে যখন মাঠ ছাড়ছেন বিরাট, তখন গ্যালারিতে শুধুই ‘আরসিবি… আরসিবি…’ গর্জন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *