দেবদর্শন চন্দ, কোচবিহার: কংক্রিটের জঙ্গল দেখতে দেখতে চোখ ক্লান্ত হয়ে গেলে এবার শহরের মাঝেই দেখা মিলবে এক টুকরো গ্রামবাংলার। শুনে অবাক লাগল? আসলে এবার কোচবিহার (Cooch Behar) মৈত্রী সংঘের পুজোর থিম ‘রূপসি বাংলা’। দর্শনার্থীরা এই পুজোমণ্ডপে এসে গ্রামবাংলার রোজনামচার বিভিন্ন দৃশ্য দেখতে পাবেন।
কোচবিহার মৈত্রী সংঘের পুজোর (Durga Puja 2026) এবার ৬৬তম বর্ষ। থিমের অভিনবত্বের জন্য এই পুজোর সুনাম রয়েছে। কোচবিহার মৈত্রী সংঘের এবারের মণ্ডপজুড়ে ফুটিয়ে তোলা হবে গ্রামবাংলার সহজ-সরল জীবনের রূপকথা। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হবে প্রতিমা। গ্রামবাংলার আটপৌরে মেয়ের আদলে দেবী দুর্গার প্রতিমা তৈরি করা হবে। প্রতিমা তৈরি করবেন খাগড়াবাড়ির মৃৎশিল্পী ভাসান পাল।
পুজো কমিটির যুগ্ম সম্পাদক তথা বিশিষ্ট আইনজীবী পার্থপ্রতিম সাহা বলেন, ‘প্রতিবছরই পুজোয় থিমের মাধ্যমে বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করি। শহুরে জীবনের যান্ত্রিকতায় মানুষ ক্লান্ত। এই মণ্ডপে এসে তাঁরা যাতে মাটির গন্ধ খুঁজে পান, তার জন্যই এই থিমের ভাবনা।’
জেলা এবং জেলার বাইরের শিল্পীরা পরিবেশবান্ধব উপকরণ দিয়ে মণ্ডপসজ্জার কাজ করছেন। গ্রামীণ জীবনের বাস্তব ছবি ফুটিয়ে তুলতে মণ্ডপের কামার এবং কুমোরদের বাসস্থান, তাঁদের কর্মব্যস্ততা ফুটিয়ে তোলা হবে। মণ্ডপে ধানখেত, মাটির বারান্দা এবং গোয়ালও দেখতে পাবেন দর্শনার্থীরা। মণ্ডপের আলোকসজ্জাতেও অভিনবত্ব থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
পুজো কমিটির যুগ্ম সম্পাদক সুমিত দত্ত বলেন, ‘পুজো তো প্রায় চলে এল। জোরকদমে প্রস্তুতি চলছে। আশা করি আমাদের থিম দর্শনার্থীদের নজর কাড়বে।’

