সৌরভ রায়
মাঝবয়সি বাঙালি রমণী জ্যোৎস্না। নেশাখোর স্বামীর অত্যাচার সামলে, সংসারের অর্থাভাব ঘোচাতে গিয়ে নিজের কাঁধে তুলে নিয়েছেন সংসারের সমস্ত দায়িত্ব। সংসারের হাল ফেরাতে গ্রামের অর্থশালী ব্যক্তির কাছে গিয়েছিলেন একটা কাজের জন্য। কিন্তু তারপর ক্রমশ জড়িয়ে পড়েছেন তার মোহে। একদিন সেই প্রেমের কথা প্রকাশ হয়ে পড়ল। এবার কী হবে? জ্যোৎস্না কোথায় যাবে? অর্থকষ্টে জর্জরিত স্বামী আর সংসার নাকি চকমকে সংসার? দর্শকদের মধ্যে শুরু হয়ে গিয়েছে ফিশফাশ।
দূরে দূরে কোনও একটা মণ্ডপে গুড় গুড় করে বাজছে ঢাক। বোধহয় সন্ধিপুজো একেবারে শেষ লগ্নে। এদিকে হালকা হিম মাখা পুজোর সন্ধ্যায় পালার মঞ্চের ওপর থেকে চারদিকে জড়ো হওয়া দর্শকের দিকে পালটা প্রশ্ন ছুড়ে দিলেন জ্যোৎস্না, ‘স্ত্রী নাকি মদ? কোনটাকে বেছে নেবে একজন স্বামী?’ জ্যোৎস্নার প্রশ্নবাণে স্তব্ধ দর্শক। তাঁর মুখের কথা শেষ হতেই কান্নায় ভেঙে পড়লেন স্বামী। শোনা গেল কান্নাভেজা গলায় অস্পষ্ট স্বরে জ্যোৎস্নার স্বামী বলছেন, ‘চলো এবার ঘরে ফিরে যাই- অনেক হয়েছে।’
বহুবছর বাদে স্বামীর এমন আহ্বানে জ্যোৎস্নার চোখ তখন ছলছল। অবশেষে স্বামীকে নেশামুক্ত করতে পারলেন তিনি। দুর্গাপুজোর (Durga Puja 2026) মণ্ডপে নারীশক্তির উদযাপনের মাঝেই নেহাতই এক কাল্পনিক পালায় এক নারীর হাতে টিকে গেল সংসার। দর্শকরা তাতেই বিহ্বল। হাজারখানেক দর্শকের চোখে তখনও জ্যোৎস্নার অভিনয়ের মায়াকাজল। আর মঞ্চের ওপর থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে পালার নায়িকা জ্যোৎস্নার চোখে তখন জল। অভিনয়ের অশ্রু। সফলভাবে পালা মঞ্চস্থ করতে পারার আনন্দের অশ্রুও বটে। কপালের ওপর চকচক করছে ঘাম। গ্রিনরুমে ঢোকার পরে নিজেকে কিঞ্চিৎ সামলালেন। তবে তখনও কিছুটা আবেগ রয়ে গিয়েছে শংকর সরকারের চোখেমুখে। মঞ্চের ওপর যিনি শাড়ি পরা জ্যোৎস্না। গ্রিনরুমের পর্দা সরাতেই তিনি আবার সোনাহারপাড়ার শংকর।
দুর্গাপুজো তো আর কেবল পুজো নয়। উৎসব। আর এই উৎসবের আমেজ চেটেপুটে উপভোগ করতে দুই দিনাজপুরের বিভিন্ন গ্রামীণ এলাকায় আজও ডাক পড়ে খন পালাগানের অভিনেতা-অভিনেত্রীদের। পুরোনো দিনের পৌরাণিক পালা তো রয়েছেই, সেইসঙ্গে আজকালকার দিনে কদর বেশি সামাজিক পালার। সেইসব পালার অধিকাংশ ক্ষেত্রেই পুরুষশাসিত সমাজে নারীদের জয়জয়কার ফুটিয়ে তোলেন পালাকাররা। তাতে দর্শকদের আবেগকে ছোঁয়া যায় ভালো করে। আর খন পালার দীর্ঘদিনের রীতি অনুযায়ী, মঞ্চে পুরুষরাই অভিনয় করেন নারীচরিত্রেও। অর্থাৎ, আর সপ্তাহ দুয়েক পরে দেবীপক্ষে যখন সকলে মাতৃশক্তির আরাধনায় ব্যস্ত হয়ে পড়বেন, উত্তর (Uttar Dinajpur) ও দক্ষিণ (Dakshin Dinajpur)-দুই দিনাজপুরজুড়ে মঞ্চে তখন সেই নারীশক্তির জয়গান গাইবেন শংকর সরকার, কান্ত সরকার, সুরেশ সরকার, সাইরু সরকার, সনাতন সরকার, শিবু সরকার, মাটিয়া সরকার, সরল সরকারদের মতো লোকশিল্পী। গাইবেন বহিরঙ্গে একজন নারী সেজেই।
কয়েকশো বছরের পুরোনো দিনাজপুরের প্রধান লোকনাট্য খন পালাগান। যাত্রা বা আলকাপের মতো খন পালাগানেও শুরু থেকেই পুরুষরা মহিলা চরিত্রে অভিনয় করেছেন। সেই ধারাবাহিকতায় ছেদ পড়েনি অতি আধুনিকতার এই সময়েও। দুর্গাপুজো এলেই শংকর, কান্ত, শিবু সরকারদের তখন ভিন্ন জীবন। ভালো গল্প মাথায় এলে নিজেরাই দল তৈরি করে নেন। যেমন শংকর এবার পালার নাম দিয়েছেন ‘হায়রে চকমকি বাই – ভাতার থাকিতে ভাতার নাই।’ বায়না হয়েছে বেশ কয়েকটি পুজোমণ্ডপে। শিল্পী বাছাই থেকে মহড়া শেষ। এখন শুধু অপেক্ষা আসরের। দল তৈরি করেছেন ঊষাহরণ গ্রামের সেফাল সরকারও। পালার নাম-‘কলিযুগে প্রেমের জোয়ার- নাঠুয়া দু-নম্বরী বিধবার বাহার’। উত্তর দিনাজপুর জেলার মোহিনীগঞ্জের পালাকার অমলচন্দ্র বর্মন বেঁধেছেন, ‘দেখনসরি ষোলো দলের সর্দারনি’ পালা। তাঁরা সকলেই বারোয়ারি দুর্গাপুজোর সময় আসর মাতাবেন নিজেদের খন পালাগান নিয়ে।
নারীকেন্দ্রিক পালার কদর যে বেশি, সেকথা উঠে এল শংকর সরকারের বক্তব্যে। বললেন, ‘নারী চরিত্রকেই মূলত প্রধান চরিত্র ধরে পালা তৈরি হয়। নানা ঘটনার পাশাপাশি অনিবার্যভাবে প্রেমও উঠে আসে সেই পালায়। প্রেম ছাড়া পালা তৈরি করলে বায়না পাওয়া কষ্টকর।’ আর সেই প্রেমের দৃশ্য দিব্যি সাবলীলভাবে ফুটিয়ে তোলেন শংকর-সনাতনরা।
সনাতন সরকার বলছিলেন, ‘সারাবছরই মেয়ের চরিত্রে মঞ্চে উঠতে হয়। খন পালাগান ছাড়াও সত্যপীর, মনসামঙ্গল, লক্ষ্মীয়ালা, থেকে রামবনবাস পালায় ভিন্ন ভিন্ন মহিলা চরিত্রে অভিনয় করতে করতে এখন এমন অভ্যাস হয়ে গিয়েছে যে পুরুষ চরিত্রে আর অভিনয় করতে পারি না।’
ষষ্ঠী থেকে নবমীর রাত পর্যন্ত টানা অনুষ্ঠান হলেও বিজয়া দশমী একাদশী এই দুইদিন পালা বন্ধ থাকে। এরপর একটানা ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলতে থাকে আসর। দুর্গাপুজো থেকে শুরু করে কালীপুজো, ছট, ভাইফোঁটা, বারোয়ারি মনসা মণ্ডপে বসে লোকনাট্যের আসর। ব্যস্ত হয়ে পড়েন শিল্পীরা।
এখন তো কাশফুল ফুটতে না ফুটতেই শরতের আগমনী বার্তা পৌঁছে গিয়েছে ঘরে ঘরে। কুমোরটুলি থেকে মণ্ডপ অবধি রাস্তায় শিউলি তার গন্ধ ছড়িয়েছে বাতাসে। শাড়ি সহ অন্তর্বাস, আয়না, চিরুনি, ফেস পাউডার, পরচুলা, চুড়ি, ফিতে ইত্যাদি গুছিয়ে নিয়েছেন মাটিয়া সরকার, শিবু সরকাররা নিজের নিজের ব্যাগে। এখন শুধু অপেক্ষা মঞ্চে পা রাখার। দাড়ি-গোফ কামিয়ে গ্রিনরুমে পা রাখার পর নারীর পোশাকে সেজে উঠবেন তাঁরা। সেই নারীচরিত্রে প্রবেশ করা কি কেবলই বহিরঙ্গে? শিবুরা এত ভাবেন না ঠিকই, তবে দেবীপক্ষের আগমনে নিজের অজান্তেই মাতৃশক্তির এমন আরাধনা যে ভিন্নতর, সেকথা বলাই বাহুল্য।

