চোপড়া: ধানখেত থেকে কুড়িয়ে আনা একটি আগ্নেয়াস্ত্র বাড়িতে নাড়াচাড়া করতে গিয়েই ঘটে গেল বড় বিপত্তি। বন্দুক থেকে আচমকাই গুলি ছুটে গিয়ে গুরুতর জখম হল এক পড়ুয়া। মঙ্গলবার দুপুরে চোপড়া (Chopra) থানার দীঘলগাঁও এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে জখম ওই ছাত্রকে ইসলামপুর (Islampur) মহকুমা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে।
পরিবার সূত্রে জানা গেছে, ওই কিশোরের শরীরের দুটি জায়গায় আঘাত লেগেছে। তবে চিকিৎসকদের মতে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ও বিপদমুক্ত রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ছাত্র নিজেই জানায়, ঘটনার দু’দিন আগে সে বাড়ির কাছের একটি ধানখেত থেকে আগ্নেয়াস্ত্রটি কুড়িয়ে পেয়েছিল। মঙ্গলবার দুপুরে অসাবধানতাবশত সেই অস্ত্রটি নাড়াচাড়া করার সময় আচমকাই গুলি বেরিয়ে আসে। গুলির শব্দ পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান।
জখম ছাত্রের বাবা ওমরুল হক জানান, তিনি লক্ষ্মীপুর বাজারে ফলের ব্যবসা করেন এবং মাঝেমাঝে ছেলেও তাঁর সঙ্গে দোকানে থাকে। বাড়িতে ঠিক কী পরিস্থিতির মধ্যে এই ঘটনা ঘটল, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলতে পারছেন না।
ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় চোপড়া থানার পুলিশ (Police)। ঘটনাস্থল থেকে একটি দেশি ‘ওয়ান শটার’ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধানখেত থেকে কুড়িয়ে আনা ওয়ান শটারটি নাড়াচাড়া করার সময়ই অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে। অস্ত্রটি কোথা থেকে এল এবং এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হচ্ছে।

