কোচবিহার: উৎসবের মুখে বঞ্চনার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার (Cooch Behar) শহরের নরেন্দ্র নারায়ণ পার্ক এলাকা। দীর্ঘদিন ধরে সাফাই কর্মী হিসেবে কাজ করা সত্ত্বেও পুজোর বোনাস না পাওয়ার অভিযোগে শনিবার সকালে পার্কের মূল ফটকের সামনে নোংরা-আবর্জনা ফেলে গেট বন্ধ করে প্রতিবাদ জানালেন এক সাফাই কর্মী। এই ঘটনার জেরে পার্কে ঘুরতে আসা পর্যটকরা চরম ভোগান্তির মুখে পড়েন।
প্রতিবাদকারী সাফাই কর্মী বাপা হরিজনের অভিযোগ, তাঁর মা দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে ওই পার্কে নিষ্ঠার সাথে সাফাই কর্মীর কাজ করেছেন। বর্তমানে তিনি নিজেও সেখানে সাফাইয়ের কাজ সামলাচ্ছেন। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও তাঁর বেতন বাড়ানো হয়নি। উপরন্তু, প্রতি বছর পুজোর আগে বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা কখনোই মেলেনি।
চলতি বছরেও পুজোর আগে বোনাস না পাওয়ায় ক্ষোভ উগরে দেন বাপা হরিজন। তাঁর অভিযোগ, চলতি বছরেও তাঁকে পুজোর বোনাস দেওয়া হয়নি। এই বিষয়ে পার্কের বড়বাবুর কাছে জানতে চাইলেও তিনি কোনও সদুত্তর পাননি বলে দাবি করেন বাপা। এরপরই শনিবার পার্কের প্রবেশপথের গেটের সামনে নোংরা আবর্জনা ফেলে প্রতিবাদ (Protest) জানান তিনি। ঘটনার জেরে শনিবার সকালে পার্কের প্রবেশপথ অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে পর্যটকেরা পার্কে ঢুকতে না পেরে সমস্যার সম্মুখীন হন।
অন্যদিকে, বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে পার্কের সুপারভাইজার গণেশ রাউত জানান, এই বিষয়ে পার্কের বড়বাবু বিস্তারিত কিছু জানেন না। তবে দীর্ঘদিন পরিষেবা দেওয়ার পরেও কেন একজন সাফাই কর্মী পুজোর বোনাস থেকে বঞ্চিত হবেন—তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।

