কিশনগঞ্জ: অবৈধ সম্পর্কের জেরে ৪৬ বছরের এক গৃহবধূকে খুন করার চাঞ্চল্যকর রহস্য উন্মোচন করল কিশনগঞ্জ জেলা পুলিশ (Kishanganj Homicide Case)। বাহাদুরগঞ্জ থানা এলাকার চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার এক সাংবাদিক বৈঠকে মহকুমা পুলিশ আধিকারিক (SDPO)– ১ খুশরু সিরাজ ও এসডিপিও-২ এই খুনের নেপথ্য রহস্য জনসমক্ষে আনেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৬ অক্টোবর বাহাদুরগঞ্জ থানার পুলিশ খবর পায় যে, মহজবী খাতুন (৪৬) নামের এক মহিলাকে তাঁর নিজের বাড়িতেই খুন করা হয়েছে। খবর পাওয়া মাত্রই বাহাদুরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পাশাপাশি ফরেনসিক টিমকে ডেকে ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কিশনগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় মৃতার ছেলের লিখিত অভিযোগের ভিত্তিতে বাহাদুরগঞ্জ থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশের বিশেষ তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। পুলিশ জানতে পারে, প্রতিবেশী ২৩ বছরের যুবক শিমনান ওরফে শাহ শিমনান-এর সঙ্গে মৃতার দীর্ঘদিনের একটি প্রেমের সম্পর্ক ছিল। গত ৫ অক্টোবর রাতে মহিলা নিজে ফোন করে তাঁর প্রেমিক শিমনানকে নিজ বাড়িতে ডেকে পাঠান। কিন্তু সেই রাতে কোনো একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে তীব্র বচসা ও বাকবিতণ্ডা শুরু হয়।
অভিযোগ, সেই উত্তেজনার মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে প্রেমিক শিমনান মহিলাকে বেধড়ক মারধর করে। এরপর মৃতার শাড়ি গলায় পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যায় অভিযুক্ত। শনিবার বিকেলে পুলিশ অভিযুক্ত শিমনানকে কিশনগঞ্জ আদালতে পেশ করলে বিচারক তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতে (Judicial Custody) কিশনগঞ্জ জেলে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের প্রাথমিক অনুমান, এই খুনের একমাত্র মোটিভ ছিল অবৈধ সম্পর্কের জেরে তৈরি হওয়া দীর্ঘদিনের টানাপোড়েন ও ক্ষোভ।

