উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলাদেশে কারাবন্দি চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) মায়ের শেষকৃত্যের ছবি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার বাংলাদেশে সংখ্যালঘুদের (Bangladesh Minorities) ওপর নির্যাতন এবং চিন্ময়কৃষ্ণ দাসের কারাবাসের প্রসঙ্গ তুলে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। রাজারহাট গোপালপুরে একটি গণেশপুজোর উদ্বোধনে গিয়ে তিনি দাবি করেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের লড়াইয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গ তৈরি না হলে এরাজ্যের বাঙালিদের অবস্থাও আজ ওপার বাংলার মতো হতো। একই সঙ্গে বিগত বাম (CPM) এবং তৃণমূল (TMC) সরকারের বিরুদ্ধে বাঙালির সেই ঐতিহ্যকে ভুলিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ তোলেন তিনি।
২০২৪ সালের নভেম্বরে জেলবন্দি করা হয়েছিল সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে। গত বৃহস্পতিবার তাঁর মায়ের মৃত্যু হয়। সেই কথা বিবেচনা করে তাঁকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দেয় চট্টগ্রামের আদালত। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত্যুর আগে কারাবন্দি চিন্ময়কৃষ্ণকে দেখতে চেয়েছিলেন তাঁর মা। পরবর্তীতে মায়ের শেষকৃত্যে হাজির হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে। সেই ছবি রীতিমতো গোটা বিশ্বের সনাতনীদের হৃদয় নাড়িয়ে দিয়েছে বলে উল্লেখ করেন শুভেন্দু। এদিন সেই প্রসঙ্গই নিয়েই সরব হন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘ওই চোখের জল দেখতে দেখতে ভাবছিলাম, আমরা যদি সেই দিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা স্বামী প্রণবানন্দের লড়াইয়ের মাধ্যমে ভারতভুক্তি না পেতাম, আজ তাহলে আমাদের অবস্থাও হয়তো চিন্ময় প্রভুর মতো হত।’
বাম জমানার সমালোচনা করে শুভেন্দুর অভিযোগ, লাল রাজত্বে বাঙালিকে শাস্ত্রীয় পঞ্জিকা, পুরোহিত ও পুষ্পাঞ্জলির প্রথা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা হয়েছিল। মণ্ডপের বাইরে কার্ল মার্ক্সের বইয়ের স্টল রাখা হলেও স্বামী বিবেকানন্দ কিংবা ভারত সেবাশ্রম সংঘের সাহিত্য স্থান পেত না। পাশাপাশি, তৃণমূল সরকারের শেষ লগ্নে রাজ্যকে ‘জামাতিকরণ’ করার অপচেষ্টা হয়েছে বলেও তিনি তীব্র আক্রমণ শানান।
তবে শুভেন্দুর এই মন্তব্যের পরেই বিজেপির বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলেছে সিপিএম। বাম শিবিরের পক্ষ থেকে মনে করিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশে চিন্ময়কৃষ্ণকে যেভাবে দেশদ্রোহী বানিয়ে বন্দি রাখা হয়েছে, ঠিক একইভাবে ভারতে উমর খলিদকে বছরের পর বছর জেলে আটকে রাখা হয়েছে। এমনকি ইউএপিএ আইনে বন্দি থাকা অসুস্থ স্ট্যান স্বামীর কারাগারেই মৃত্যুর প্রসঙ্গটিও তুলে গেরুয়া শিবিরের নীতিকে তীব্র কটাক্ষ করেছে তারা।

