উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR in Bihar) প্রক্রিয়ার পর মঙ্গলবার এই তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, যে SIR-এর উদ্দেশ্য ছিল শুধুমাত্র যোগ্য ভোটারদের ভোটার তালিকায় রাখা। এই প্রক্রিয়া বিরোধীদের তীব্র প্রতিবাদ এবং সমালোচনার মুখে পড়ে। নির্বাচনের কয়েক মাস আগে এই সংশোধনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলেরনেতা রাহুল গান্ধি এবং আরজেডি নেতা তেজস্বী যাদব সহ অন্যান্যরা। রাহুল তেজস্বী বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ও বের করেছিলেন। নির্বাচন কমিশন ক্ষমতাসীন এনডিএ জোটকে সাহায্য করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তাঁরা। এসআইআর নিয়ে মামলাও বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত এই প্রক্রিয়ায় স্থগিতাদেশ না দিলেও নির্বাচন কমিশনকে কড়া ভাষায় সতর্ক করে দিয়ে জানিয়েছে, কোনও ভুল হলে তাঁরা গোটা প্রক্রিয়া বাতিল করে দেবেন। কমিশনের নির্দেশে ভোটারদের জন্য ১২ তম নথি হিসেবে আধার কার্ডকে গ্রহণ করার নির্দেশও দেয় আদালত।
২২ বছর পর করা এই বিশেষ সংশোধনের আগে পর্যন্ত বিহারে ৭.৮৯ কোটি ভোটার ছিল। প্রাথমিক ভাবে খসড়া তালিকায় ৭.২৪ কোটি ভোটার দেখানো হয়েছিল, ৬৫.৬৩ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল। খসড়া প্রকাশের পর, ৩ লক্ষ ভোটারকে নোটিশ জারি করা হয়েছিল। দাবি ও আপত্তির জন্য নির্ধারিত সময়কালে, ২.১৭ লক্ষ মানুষ তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করেছিলেন, অন্যদিকে ১৬.৯৩ লক্ষ অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন। শুধুমাত্র ১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে, ১৬.৫৬ লক্ষেরও বেশি ভোটার নতুন নিবন্ধনের জন্য ফর্ম-৬ জমা দিয়েছিলেন। ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রাপ্ত আবেদনপত্রের ভিত্তিতে নাম তোলার কাজ ১ অক্টোবর থেকে শুরু হবে। নিয়ম অনুসারে, ভোটাররা মনোনয়নের শেষ তারিখের ১০ দিন আগে পর্যন্ত অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। তাদের নাম একটি পৃথক তালিকায় থাকবে এবং পরবর্তী নির্বাচনের আগে নিয়মিত তালিকায় তাদের নাম যুক্ত করা হবে। আপাতত চূড়ান্ত ভোটার তালিকার তথ্য https://voters.eci.gov.in/ এ আপলোড করা হয়েছে। ভোটাররা একই পোর্টালে তাদের নামও দেখে নিতে পারবেন।
