সামসী: অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। সোমবার বিকেল ৩টে নাগাদ চাঁচল-১(Chanchal) ব্লকের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের খুড়িয়াল গ্রামে ঘটনাটি ঘটেছে। আগুনে সর্বস্ব হারিয়ে তিনটি অসহায় পরিবার এখন খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে, বাজো বেওয়া, ছবি বেওয়া ও মহম্মদ তসলিমুদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও রান্নার উনুন থেকেই আগুন ছড়িয়েছে বলে দমকলের প্রাথমিক অনুমান। আগুনের লেলিহান শিখা এতটাই ছিল যে পরপর তিনটি বাড়ি একেবারে পুড়ে ছাই হয়ে যায়। মহম্মদ তসলিমুদ্দিন জানান, ঘরে থাকা কোনও কিছুই অবশিষ্ট নেই। সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনটি পরিবারই দিনমজুর। তাই খেটেখুটে কিছু টাকাপয়সা বাড়িতে জমা ছিল। আগুনে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লক্ষাধিক হবে। যদিও ব্লক প্রশাসনের তরফে সবরকম ত্রাণের আশ্বাস দেওয়া হয়েছে।
