বালুরঘাট: বালুরঘাট (Balurghat) শহরের ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের (TMC) একটি পার্টি অফিস ভেঙে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্থানীয় এক পরিবার শ্রমিক লাগিয়ে অফিসটি গুঁড়িয়ে দেয়। তবে ওই পরিবারের দাবি, পার্টি অফিসটি তাদের নিজস্ব জমি দখল করে তৈরি করা হয়েছিল। বহু বছর ধরে মহকুমা শাসক, বালুরঘাট থানা, পুরসভা ও তৃণমূল নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত তাঁরা নিজেরাই এই পদক্ষেপ নিয়েছেন।
রাজনৈতিক মহলেও ঘটনাটি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যে পালাবদলের সময় অফিসটি বিজেপির দখলে গেলেও পরে বিজেপির শহর সভাপতি নিজে অফিসের দায়িত্ব তৃণমূলের হাতে তুলে দেন। সেই আবহে ঘটে গেল এই পার্টি অফিসটি গুঁড়িয়ে দেওয়ার এই ঘটনা।
অপরদিকে এই জমির মালিকানা নিয়ে নতুন করে বিরোধ (Land Dispute) দেখা দিয়েছে। চন্দ্রনাথ ঝা ও বীরেন রায় নামের দুই ব্যাক্তি উভয়েই জায়গাটি নিজেদের দাবি করে একে অপরের বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই বিষয়ে চন্দ্রনাথ ঝা এর স্ত্রী অনিতা ঝা বলেন, “আমাদের জায়গা দখল করে তৃণমূল এতদিন পার্টি অফিস করে রেখেছিল। আমরা অনেক জায়গায় গিয়েছি কিন্তু সুরাহা পাইনি। তাই এবারে আমরা নিজেরাই ওই পার্টি অফিস সরিয়ে দিলাম।”
ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেত্রী টগরি মহন্ত বলেন, “ওই জমি চন্দ্রনাথ ঝা যেমন নিজেদের বলে দাবি করেছেন, তেমনি বিরেন রায়ও ওই জমি নিজেদের বলে দাবি করছেন। কিন্তু আদতে ওই জমিটি পূর্ত দপ্তরের। আজ ওরা গায়ের জোরেই পার্টি অফিসটি ভেঙে দিয়েছে।”
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বীরেন রায়ের ছেলে বিল্টু রায় বলেন, “তৃণমূল অফিসটাকে শুধু সরিয়ে দেওয়াই নয়, আমার জায়গাও দখল করার চেষ্টা করছে ওই পরিবার। আমি ওই ঝা পরিবারের বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।”
বিজেপি শহর সভাপতি সমীর প্রসাদ দত্ত বলেন, “এর আগে পার্টি অফিসটি দখল করেছিল আমাদের ছেলেরা। তখন আমরাই অফিসটি ফেরত দিয়ে এসেছিলাম তৃণমূলকে। কিন্তু এই দিনের ঘটনার সাথে আমাদের কেউ জড়িত নেই।”

