বালুরঘাট: বালুরঘাট (Balurghat) পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নীতা হাসদার বিরুদ্ধে কাটমানি (Lower-Cash) নেওয়ার অভিযোগে আরও তিন বাসিন্দা রবিবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। এর আগে এক বাসিন্দা অভিযোগ জানিয়েছিলেন। এবার অভিযোগকারীর সংখ্যা আরও বাড়ায় বিষয়টি নতুন করে চর্চায় এসেছে। এদিন বালুরঘাট শহরের ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নীতা হাসদার বিরুদ্ধে অভিযোগকারী অর্চনা মহন্ত দাবি করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার (Awas Yojana) ঘর পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ৫৫ হাজার টাকা নেওয়া হয়েছিল। কিন্তু ঘর তো মেলেইনি, টাকাও ফেরত পাননি।
একই অভিযোগ করেছেন মঞ্জুরি দেবনাথ। তাঁরও দাবি, আবাস যোজনার ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়া হয়েছিল। দীর্ঘদিন কেটে গেলেও তিনি কোনও সরকারি সুবিধা পাননি এবং টাকাও ফেরত মেলেনি।
অপরদিকে রঞ্জিত মহন্ত নামে আরেক ব্যাক্তির অভিযোগ, তাঁর কাছ থেকেও আবাস যোজনার ঘরের নাম করে ১৫ হাজার টাকা কাটমানি নেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনও সুবিধা তিনি পাননি।
অভিযোগকারীদের দাবি, ২০১৮ সালে এই টাকা নেওয়া হলেও ২০১৯ সালেই তাঁরা থানায় অভিযোগ করেছিলেন। কিন্তু এতদিনেও তদন্তে কোনও অগ্রগতি বা টাকা উদ্ধারের ব্যবস্থা না হওয়ায় তাঁরা হতাশ ছিলেন। রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের ন্যায়বিচারের আশায় রবিবার বালুরঘাট থানায় নতুন করে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা।
প্রসঙ্গত, এর আগেও নীতা হাসদার বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগে একাধিক বাসিন্দা পুরসভা ও থানায় অভিযোগ করেছিলেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি বালুরঘাট ছেড়ে বেপাত্তা রয়েছেন। নতুন করে একের পর এক অভিযোগ জমা পড়ায় গোটা ঘটনায় পুলিশের ভূমিকার দিকেও নজর রয়েছে।

