Balurghat | দক্ষিণ দিনাজপুরে বাদ গেল ৮১ হাজার ভোটারের নাম! কবে থেকে শুনানি? জানালেন জেলা শাসক

Balurghat | দক্ষিণ দিনাজপুরে বাদ গেল ৮১ হাজার ভোটারের নাম! কবে থেকে শুনানি? জানালেন জেলা শাসক

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


বালুরঘাট: প্রায় ৮১ হাজার নাম বাদ গেল দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) ভোটার খসড়া তালিকা (Voter Listing) থেকে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যায় প্রায় ৪৩ হাজার। ডাবল নাম হয়ে ছিল, এমন ভোটারের সংখ্যা দেড় হাজার। এছাড়াও রয়েছে অন্যত্র চলে যাওয়া বা অনুপস্থিত ভোটার। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে এসআইআর সংক্রান্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তারপরই বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে জেলা শাসক বালা সুব্রমানিয়ান টি-র নেতৃত্বে অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জেলাশাসক এক সাংবাদিক বৈঠক করে এই তথ্য দেন।

জেলা শাসক জানান, ‘এসআইআর প্রক্রিয়া (SIR) শুরুর সময় দক্ষিণ দিনাজপুর জেলার ছয়টি বিধানসভার ১৩৪৩টি বুথে মোট ভোটার ছিল ১৩৩১৫৪৮ জন। আর এই প্রক্রিয়ার পরে খসড়া তালিকায় নাম রয়েছে ১২৫০৫৬৪ জনের। আগামী জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে অভিযোগের সুযোগ থাকছে। এই নিয়ে চলবে শুনানি।’ কিন্তু ওই শুনানির জন্য জেলা প্রশাসন কোথায় জায়গা ঠিক করবে বা শুনানিতে কাদের ডাকা হবে তা এদিন জানাতে পারেননি জেলা শাসক। তবে পরিসংখ্যান অনুযায়ী কুমারগঞ্জ বিধানসভায় সবচেয়ে কম নাম বাতিল হয়েছে৷ যা শতাংশের হিসেবে প্রায় পাঁচ শতাংশ।

এই বিষয়টি নিয়েই প্রশ্ন তুলেছে জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপি (BJP) জেলা সাধারণ সম্পাদক বাপি সরকারের অভিযোগ, কুমারগঞ্জ ও হরিরামপুর বিধানসভায় এত কম সংখ্যক নাম বাদ যাওয়া নিয়ে সন্দেহ তৈরি হয়েছে৷ বিশেষত যখন বালুরঘাট বিধানসভায় তুলনামূলকভাবে অনেক বেশি ভোটারের নাম বাতিল হয়েছে। একই সঙ্গে হরিরামপুর বিধানসভাতেও নাম বাতিলের সংখ্যা কম বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

যেহেতু ওই বিধানসভা কেন্দ্র দুটি তৃণমূলের (TMC) দখলে আছে, তাই বিরোধীরা তাদের চাপে ফেলার চেষ্টা হচ্ছে বলে দাবি শাসক দলের। তৃণমূল নেতা তরুন ভৌমিকের বক্তব্য, ‘এই অভিযোগের পক্ষে জেলা প্রশাসনকে সুনির্দিষ্ট কোনও তথ্য দিতে পারেনি বিজেপি। এসআইআর ইস্যু কার্যত বুমেরাং হয়ে দাঁড়িয়েছে বিজেপির।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *